সবুজ সাথী হল ‘সারথি’, বদলে গেল কন্যাশ্রীরও নাম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই পূর্বতন সরকারের একের পর এক প্রকল্পের নাম পরিবর্তন করে চলেছে। আর এবার সরকারের নজরে এল কন্যাশ্রী (Kanyashree) এবং সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্প। বুধবার, তৃণমূল সরকারের আমলের এই দু’টি প্রকল্পের নাম পরিবর্তন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যথাক্রমে ‘কন্যারত্ন’ এবং ‘সারথি’ নাম রাখলেন। এছাড়াও সাংবাদিকদের সামনে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রকল্পের নাম পরিবর্তন হলেও সুযোগ-সুবিধায় কোনো কাটছাঁট হবে না।

প্রকল্পের নাম পরিবর্তন নয়া সরকারের

গতকাল, বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “নারীকল্যাণ ও বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা পালন করা ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নামকরণ করা হচ্ছে ‘কন্যারত্ন’। অন্য দিকে, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যে বিনামূল্যে সাইকেল দেওয়া হত সেই প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সবুজ সাথী’-র বদলে রাখা হচ্ছে ‘সারথি’। তবে প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মৌলিক সুযোগ-সুবিধা কিংবা আর্থিক সহায়তার কাঠামোয় কোনও প্রকার বদল আসবে না।” কন্যাশ্রী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতি বছর ১৪ আগস্ট রাজ্য জুড়ে যে ভাবে ‘কন্যাশ্রী দিবস’ উদ্‌যাপন করা হত, সেই ধারা আগামী দিনেও বজায় থাকবে।”

কন্যাশ্রী প্রকল্প

পূর্বতন সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। যার মাধ্যমে ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। মূলত তিন ধাপে দেওয়া হত। প্রথমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের প্রতি বছর এক হাজার টাকা করে অনুদান দেওয়া। এরপর অবিবাহিত ১৮ বছর পূর্ণ হওয়া ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর পড়ুয়া বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ অর্থ প্রদান করা হয়। সর্বসাধারণের কাছে এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে আন্তর্জাতিক মঞ্চেও দারুণ প্রশংসিত হয়েছিল।

আরও পড়ুন: নাড্ডার সাথে খাবার টেবিলে তৃণমূলের দুই সাংসদ, ফের ভাঙন কালীঘাটে? বাড়ছে জল্পনা

সবুজ সাথী প্রকল্প

ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সবুজ সাথী প্রকল্প নিয়ে এসেছিল। বিনামূল্যে সাইকেল বিতরণ করে এসেছিল বিগত সরকার। এবার সেই ধারা বজায় রাখতে চলেছে নতুন সরকারও। শুধুমাত্র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সারথি’। যদিও নতুন সরকার গঠনের পরই শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, সাধারণ মানুষের সুবিধার্থে চালু থাকা কোনও জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ করা হবে না ৷ প্রতিশ্রুতি মতোই সব প্রকল্প চালু রাখা হবে। এবার সেই অনুযায়ী এক এক করে শুরু হচ্ছে প্রকল্পের কাজ।