২০২৬-এ চালু হচ্ছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো, শুরু চিংড়িঘাটার কাজ

Published:

Kolkata Metro new Garia to sector five Metro service Will start within December

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই দীর্ঘ সময় ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজ অবশেষে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হতে চলেছে। এর জেরে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ অর্থাৎ আইটি পার্ক পর্যন্ত মেট্রো চালানো যাবে বলেই আশা করা যাচ্ছে। কাজেই চলতি বছরের শেষের দিকে অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হবে। এ প্রসঙ্গে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বহু অপেক্ষিত নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবার লাভ তুলতে পারবেন যাত্রীরা।

শেষমেষ শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ

একটা দীর্ঘ সময় ধরে, আটকেছিল চিংড়িঘাটা মেট্রো অংশের একটা ছোট্ট কাজ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, পূর্বের সরকারের সহযোগিতা না মেলায় চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করা যাচ্ছিল না। ফলে থমকেছিল মেট্রো সম্প্রসারণের কাজ। তবে রাজ্যে সরকার বদল হওয়া মাত্রই এবার সেই আটকে থাকা কাজ গতি পেল। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে। এই কাজের জন্য আগামী দু সপ্তাহ মোট 120 ঘন্টা যান চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হবে।

মেট্রো রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে কাজ শুরু হবে আজ রাত 8টা থেকে। প্রথম দফার কাজের সময় উত্তরমুখী যান চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হবে। এরপর আগামী সোমবার সকাল 8টায় ফের রাস্তাটি খুলে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে আগামী 22 মে অর্থাৎ শুক্রবার। এদিন রাত 8টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এই ব্লকেজ থাকবে আগামী 25 মে সকাল 8টা পর্যন্ত। এই সময় দক্ষিণমুখী যান চলাচলে বিধি-নিষেধ থাকবে। একইভাবে চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম অংশ বন্ধ রাখা হবে এই সময়।

অবশ্যই পড়ুন: হরমুজ অতীত! সমুদ্রের নিচ দিয়ে আসবে LPG, কঠিন সময়ে মেগা প্ল্যান ভারতের

অন্যদিকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলাকালীন দক্ষিণমুখী যান চলাচলের নিয়ন্ত্রণের জন্য চিংড়িঘাটা ক্রসিং এর কাছে ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ রাখবে প্রশাসন। অর্থাৎ এই সময় পূর্ব দিক থেকে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে বাকি অংশের কাজ একবারে শেষ করে নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পর্যন্ত অরেঞ্জ লাইনের পরিসেবা আগামী ডিসেম্বরের মধ্যেই চালু করে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেটা হলে, আখেরে উপকৃত হবেন শহরের বহু অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য নিত্যযাত্রীরা।