সহেলি মিত্র, কলকাতা: বড় ধাক্কা খেল ককরোচ জনতা পার্টি। NEETপেপার ফাঁস ইস্যুতে কলকাতায় আজ হচ্ছে না কোনও আন্দোলন (CJP Protest In Kolkata)। কলকাতা পুলিশের অনুমতি না মেলায় ককরোচ জনতা পার্টির শুক্রবার যে আন্দোলন হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গিয়েছে বলে খবর। আগামী দিনে কি কলকাতায় বিক্ষোভ হবে? সে বিষয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
কলকাতায় আজ হচ্ছে না ককরোচ জনতা পার্টির আন্দোলন!
নিজেকে সিজেপি সদস্য হিসেবে পরিচয় দিয়ে দেদীপ্য গাঙ্গুলী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি র্যালি করার অনুমতি চেয়ে নগর পুলিশকে চিঠি লিখেছিলেন। আজ বিকেল ৪টে নাগাদ সেই আন্দোলনটি হওয়ার কথা ছিল। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, যেহেতু পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি, তাই আন্দোলনটি বাতিল করা হল।
যদিও দুপুর ২.৩০ মিনিটে শিয়ালদহ থেকে শুরু হয়ে এসপ্ল্যানেডে শেষ হওয়ার কথা সেটি হচ্ছে বলে জানিয়েছেন। সিজেপি-র প্রাথমিকভাবে প্রস্তাবিত সমাবেশটি আনুমানিক বিকেল ৪টের সময়ে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে রানি রাসমণি অ্যাভিনিউতে শেষ হওয়ার কথা ছিল। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমাবেশের দাবিগুলো হলো শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট-এর মতো পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিলুপ্তি এবং দিল্লিতে পুলিশি বর্বরতার শিকার শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার।
আরও পড়ুনঃ মিলবে বন্দে ভারতের মতো সুবিধা, চালু হল কলকাতা-শিলিগুড়ির নতুন বাস, জানুন রুট ও সময়
দেদীপ্য গাঙ্গুলী জানিয়েছিলেন, “ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি এই সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতার বিচার বিভাগীয় তদন্ত এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হবে।”
বড় বার্তা মুখ্যমন্ত্রীর
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন যে তাঁর সরকার প্রতিবাদ সমাবেশের “বিরোধী নয়”। তিনি বলেন, “কিন্তু ছাত্রছাত্রীদের হোস্টেল থেকে টেনে বের করে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বাধ্য করা যায় না — কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমনটাই ঘটেছে।”










