আনিষা চৌধুরী, কলকাতা: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় যোগ দিতে যাওয়ার পথে শনিবার উত্তরপাড়ায় হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি! এইবার ঘটনাস্থল কলকাতার বেলেঘাটা অর্থাৎ কুণাল ঘোষের নিজের বিধানসভা এলাকার কাছেই। রবিবারের ঘটনায় গাড়ির কাচ ভাঙার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও জানিয়েছেন কুণাল। তিনি ঘটনাটিকে খুনের চেষ্টা বলে দাবি করেছেন।
শনিবার উত্তরপাড়ায় কী ঘটেছিল?
শনিবার, ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। হুগলির উত্তরপাড়ার সখেরবাজার এলাকায় জি টি রোডের উপর তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। কুণালের দাবি, একদল লোক তাঁর গাড়িকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। এরপর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও ডিম ছোড়া হয়। লোহার রড বা শাবল দিয়ে গাড়ির কাচে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। কুণাল ঘোষের অভিযোগ ছিল, তাঁকে শ্রীরামপুরের সভায় পৌঁছতে না দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তাঁর কথায়, গাড়ির কাচ ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারত। উত্তরপাড়ার ঘটনার পর রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, গাড়িটির অবস্থা দেখিয়ে ঘটনার প্রমাণ সংরক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে পুলিশের পরামর্শ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভবানী ভবনের গেটে তাঁকে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।
রবিবার ফের হামলার অভিযোগ
শনিবারের ঘটনার পর রবিবার সকালে নিজের বিধানসভা এলাকার কাছাকাছি একটি কর্মসূচিতে যোগ দিতে বেরিয়েছিলেন কুণাল ঘোষ। ফুলবাগান থেকে নারকেলডাঙার দিকে যাওয়ার সময় তাঁর গাড়িকে কয়েকজন মিলে অনুসরণ করতে থাকেন। পরে তাঁর গাড়ির সামনে ও পিছনের কাচে হামলা চালানো হয়। পাথর ছোড়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার অভিযোগও উঠেছে। কুণালের আরও অভিযোগ, বাইকে থাকা এক ব্যক্তি তাঁর গাড়ির কাছে এসে তাঁর কলার ধরে টানাটানি করেন। আর এক ব্যক্তির হাতে রিভলভার ছিল বলেও দাবি করেছেন তিনি। তাঁর নিরাপত্তারক্ষী অস্ত্র বের করলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় পৌঁছন এবং বিষয়টি নিয়ে অভিযোগ জানান।
কী বলেছেন কুণাল ঘোষ?
রবিবারের ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলেন, “আজ হাতুড়ি দিয়ে কাচ ভেঙে দিয়েছে। আমায় কলার ধরেছে। বাইকে থাকা এক ব্যক্তি রিভলভার বার করেছে। আমার নিরাপত্তারক্ষী রিভলভার বার করতে ওরা একটু পিছিয়ে যায়। আমায় বাড়ি থেকে ফলো শুরু করেছে।” তিনি আরও অভিযোগ করেন, “আমাকে খুনের চেষ্টা চলছে। আমাকে যে কোনও দিন মেরে ফেলতে পারে ওরা।” একই সঙ্গে শনিবারের উত্তরপাড়া থেকে রবিবারের বেলেঘাটা, পরপর দু’দিনের ঘটনাকে তিনি গুরুতর নিরাপত্তা-সংক্রান্ত বিষয় হিসেবে তুলে ধরেছেন।
আরও পড়ুন: বুকিং থেকে দাম পরিবর্তন! ১ অক্টোবর থেকেই বদলাচ্ছে LPG-র ৫ নিয়ম
কুণাল ঘোষের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ঘটনাটির চূড়ান্ত নিন্দা করেছেন এবং পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তিনি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছেন। তিনি দাবি করেছেন, ঘটনায় তৃণমূলের লোকজনই জড়িত থাকতে পারে। শনিবার উত্তরপাড়ার ঘটনার ক্ষেত্রেও বিজেপি কুণালের গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছিল। ফলে পরপর দু’দিনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। হামলার প্রকৃত কারণ এবং কারা ঘটনাগুলির সঙ্গে যুক্ত, তা তদন্তের পরই স্পষ্টভাবে জানা যাবে।










