বুকিং থেকে দাম পরিবর্তন! ১ অক্টোবর থেকেই বদলাচ্ছে LPG-র ৫ নিয়ম

Published:

LPG Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: এলপিজি নিয়ে বড় খবর। প্রতি মাসের ১ তারিখ সরকারের তরফ থেকে বদলানো হয় বেশ কিছু নিয়ম, যেগুলি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলে। এমনকি তেল বিপণনকারী সংস্থাগুলি নয়া রেট প্রকাশ করে মাসের প্রথম দিন। সেই সূত্রে আগামী ১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে এলপিজি সংক্রান্ত একাধিক নিয়ম (LPG Rules)। বুকিংয়ের পাশাপাশি ডেলিভারির নিয়ম সংক্রান্ত বেশ কিছু নীতিতে আসছে বদল। পাশাপাশি কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। জেনে নিন আপনার বাজেটে প্রভাব ফেলবে কোন কোন নিয়ম।

বদলে যাচ্ছে এলপিজি-র একাধিক নিয়ম

১) ই-কেওয়াইসির নিয়ম: আগামী ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার নিতে গেলে গ্রাহকদের অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন ছাড়া আর মিলবে না ভর্তুকিযুক্ত এলপিজি। যেসব গ্রাহকরা আধার অথেন্টিকেশন করেননি, তাঁদের এবার থেকে বেশি দামে গ্যাস কিনতে হবে বলেই জানিয়েছে কেন্দ্র সরকার।

২) এলপিজির দাম বদল: প্রতি মাসের শুরুতেই গ্যাসের দাম বদল করা হয় কেন্দ্রের তরফ থেকে। সেই সূত্রে অক্টোবর মাসেও গ্যাসের দাম কিছুটা বদলাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের টালমাটাল অবস্থার মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে ঘরোয়া গ্যাসের রেট। কিন্তু আমদানির খরচ এবং সরকারের আরোপ করা করের উপর নির্ভর করে এ মাসে দাম কিছুটা বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

৩) পিএনজি সংযোগ নিয়ে নয়া নিয়ম: যদি আপনার বাড়িতে পিএনজি বা পাইপড ন্যাচরাল গ্যাসের সুবিধা থাকা সত্ত্বেও আপনি এখনও এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন এবং নোটিশ পাওয়ার ৯০ দিনের মধ্যেই পিএনজি সংযোগ না নেন, সেক্ষেত্রে আপনার এলপিজি কানেকশনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্র সরকার।

৪) ওটিপি ভেরিফিকেশন: এবার থেকে সিলিন্ডার ডেলিভারির নিয়মেও বদল আনছে কেন্দ্র। গ্যাস ডেলিভারির সময় আর শুধুমাত্র রসিদ দেখালে হবে না। বুকিংয়ের পর গ্রাহকদের মোবাইলে আসা ওটিপি অবশ্যই এজেন্টকে জানাতে হবে। প্রতারণা এবং অবৈধ বুকিং রুখতেই কেন্দ্রের তরফ থেকে এই নিয়ম চালু করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ‘SIR-র জন্যই ৩১ আসনে হার’ তৃণমূলের দাবি খারিজ করে সুপ্রিম কোর্টে যা জানাল কমিশন

৫) সিলিন্ডার রিফিল করার নিয়মে বদল: পশ্চিম এশিয়ার যুদ্ধ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে সরকার গ্যাস রিফিল বুকিং করার মেয়াদ বাড়িয়ে একেবারে ৪৫ দিন করে দেয়। তবে আগামী ১ অক্টোবর থেকে সেই সময়সীমা কমে ফের ২৫ দিনে আনা হচ্ছে। অর্থাৎ ২৫ দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুকিং করার সুযোগ থাকবে।

google button