প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগে রাজ্য জুড়ে পুলিশকর্মীদের কাজের স্বচ্ছতা আনতে ও নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ নিতে চলেছে লালবাজার (Lalbazar)। কাগজে-কলমে হাজিরা থাকলেও যাতে বাস্তবে কাজে যাতে কেউ ফাঁকি দিতে না পারে তার জন্য এবার অ্যাপের (Police Duty App) ব্যবস্থা করা হল। অর্থাৎ পুলিশের গতিবিধি সরাসরি নজর রাখতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে পুজোর আগেই চালু হয়ে যাবে লালবাজারের এই বিশেষ অ্যাপ।
পুলিশের কাজের স্বচ্ছতা আনতে নয়া অ্যাপ
পুলিশ প্রশাসনকে নিয়ে অনেকেই নানা প্রশংসা করলেও আবার উঠে আসে একাধিক অভিযোগ। কোনো শহরে মিছিল, সভা, অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় বটে কিন্তু তবুও বেশিরভাগ ক্ষেত্রে লালবাজারের কর্তাদের কাছে অভিযোগ আসে যে, অনেক সময় নির্দিষ্ট সময়ে ডিউটি স্থলে পৌঁছন না পুলিশকর্মীরা। শুধু তাই নয় দাঙ্গা মারপিট হলেও ঘটনাস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারে না পুলিশ। এবার সেই নিয়ে সোচ্চার হল লালবাজার। পুনরায় যাতে এই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য এবার পুলিশদের জন্য আনা হল ‘ডিউটি মিত্র’ অ্যাপ।
চলছে ট্রায়াল রান
জানা গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে পুলিশের ভূমিকা এবং গতিবিধির উপর সরাসরি নজর রাখতে চালু করা হয়েছে ‘ডিউটি মিত্র’ অ্যাপ। এই অ্যাপটিতে ডিজিটাল পদ্ধতিতে আইনশৃঙ্খলা ডিউটির জন্য মোতায়েন হওয়া পুলিশকর্মী ও আধিকারিকদের তালিকা থাকবে। এবং সংশ্লিষ্ট থানার ওসিরাও অ্যাপের মাধ্যমে তাঁদের অধীনস্থ কর্মীদের ডিউটির বিষয়ে সময়মতো জানাতে পারবেন। আপাতত এই অ্যাপের ট্রায়াল রান চলছে। এর ফলাফল যদি সন্তোষজনক হয় তাহলে পুজোর আগেই ‘ডিউটি মিত্র’ অ্যাপটি স্থায়ীভাবে চালু করা হতে পারে।
আরও পড়ুন: পুজোর মুখে চাকরি নিয়ে অনিশ্চয়তা, করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শিক্ষকদের
লালবাজার সূত্রে খবর, এই ‘ডিউটি মিত্র’ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ডিউটি পয়েন্টে পৌঁছনোর পর পুলিশকর্মীকে অ্যাপের মাধ্যমে লাইভ ছবি আপলোড করতে হবে। সেখানেই থাকবে সময় ও লোকেশনের তথ্য। অর্থাৎ পুলিশকর্মী কখন ডিউটির জায়গায় পৌঁছচ্ছেন, তার রেকর্ড থেকে যাবে। এমনকি ডিউটিতে অনুপস্থিত থাকা বা দেরিতে পৌঁছনোর অভিযোগের ক্ষেত্রেও এই তথ্য সামনে আসবে। পুলিশের প্রাথমিক অনুমান এই অ্যাপ ঠিকভাবে কাজ করলে এক শ্রেণির পুলিশকর্মীর মধ্যে ডিউটি এড়িয়ে যাওয়ার প্রবণতা কমবে।










