বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, 29 এপ্রিল দক্ষিণবঙ্গে চলছে রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। সকাল থেকেই বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। এমন কিছু ঘটনাও ঘটেছে যেগুলি বাংলার রাজনীতিতে নজিরবিহীন। তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো কামারহাটি। এই অঞ্চলের তৃণমূল প্রার্থী তথা ঘাসফুল শিবিরের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রর (Madan Mitra) দেহরক্ষীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এমতাবস্থায়, তৃণমূল নেতার দেহরক্ষী আচমকা কেন্দ্রীয় বাহিনীকে বহিরাগত বলে বসতেই চটে গেলেন তাঁরা! দিলেন পাল্টা প্রত্যুত্তরও।
মদন মিত্রর দেহরক্ষীর সাথে কথা কাটাকাটি কেন্দ্রীয় বাহিনীর
বুধবার নিজের কামারহাটি কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এদিন তেমনই নিজের কেন্দ্রের এক বুথে দেহরক্ষী নিয়ে গলায় উত্তরীয় জড়িয়ে ঢুকতে যাবেন এমন সময় তৃণমূল প্রার্থী মদন মিত্রর কাছে তাঁর পরিচয় পত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সূত্রের খবর, গলায় উত্তরীয় পরে থাকায় মদন মিত্রর আইডি কার্ড বা পরিচয় পত্র দেখতে পারছিলেন না দায়িত্বরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত সে কারণে তাঁর কাছে পরিচয় পত্র দেখানোর আবেদন জানান তাঁরা। এ কথা শুনেই পাল্টা তৃণমূল নেতা নাকি কেন্দ্রীয় জাওয়ানদের কাছে তাদের আইডি কার্ড দেখতে চান।
এদিন কেন্দ্রীয় বাহিনীর কাছে তাঁদের পরিচয় পত্র দেখতে চাওয়া হলে প্রাথমিকভাবে এক কথা দু কথায় তর্ক শুরু হয় দুপক্ষের। এরই মাঝে আচমকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের একপ্রকার বহিরাগত বলে বসেন মদন মিত্রর দেহরক্ষী। তৃণমূল প্রার্থীর দেহরক্ষীর কথায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাইরে থেকে এসেছেন! আর এমন বক্তব্য শুনেই একপ্রকার চটে যান ওই বুথে দায়িত্বরত বেশ কয়েকজন কেন্দ্রীয় জাওয়ান। তৎক্ষণাৎ তৃণমূল প্রার্থীর দেহরক্ষীর ভুল সংশোধন করে তাঁরা বলেন, “আমরা কেউ বহিরাগত নই। আমরা ভারতীয়। আমাদের জন্ম ভারতে। বহিরাগত কী কথা! আমরা প্রত্যেকেই এদেশের বাসিন্দা। এসব বলবেন না”
অবশ্যই পড়ুন: মিলবে ৬% সুদ, এবার ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে X Money আনছেন ইলন মাস্ক
তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং তাঁর দেহরক্ষীর সাথে কেন্দ্রীয় বাহিনীর উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও সূত্রে খবর, মদন মিত্র আসলে নিজের দেহরক্ষীকে নিয়ে বুথের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। আর সেটাতেই আপত্তি ছিল কেন্দ্রীয় জাওয়ানদের। এ নিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় বাহিনীকে বোঝানো সত্ত্বেও তাঁরা কথা শোনেননি! আর তারপরই নাকি কেন্দ্রীয় বাহিনীর কাছে তাদের পরিচয় পত্র দেখতে চান মদন। যেই দৃশ্য বেশ শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, শেষ পর্যন্ত দেহরক্ষীকে বাইরে রেখেই বুথের ভেতরে ঢুকলেন তৃণমূল নেতা।










