টাকা জমার রশিদ না থাকলে মিলবে না মাধ্যমিক পরীক্ষার সংশোধিত ফল, জানিয়ে দিল পর্ষদ

Published:

Madhyamik exam 2026 PPS and PPR Result out Today

অনন্যা সরকার, কলকাতাঃ আজ (১৬ জুন) মাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) এবং পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর ফলাফল প্রকাশিত (Madhyamik Result 2026) হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে যে, বেলা ১১টা থেকে পিপিএস ও পিপিআর-এর ফলাফল সরাসরি দেখা যাবে পর্ষদের নির্দিষ্ট পোর্টালে। স্কুল কর্তৃপক্ষ পর্ষদের স্থানীয় অফিস থেকে সংশোধিত মার্কশিট সংগ্রহ করে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেবে। তবে স্কুলগুলির জন্য আরেকটি বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে, বেশ কিছু স্কুলের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই পিপিএস ও পিপিআর-এর মার্কশিট পেতে গেলে অনলাইনে পেমেন্ট করার স্ক্রিনশট বা চালান দেখাতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 

কিভাবে দেখা যাবে পিপিএস ও পিপিআর-এর ফলাফল

পিপিএস ও পিপিআর-এর জন্য আবেদনকারী পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে ফলাফল দেখতে পারবেন। প্রথমে পর্ষদের https://result.wbbsedata.com ওয়েবসাইটে যেতে হবে। তারপর হোম পেজ থেকে লগইন করা যাবে। লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন অপশনে ক্লিক করলে ফলাফল সামনে আসবে। 

আরও পড়ুনঃ ফ্রি বিদ্যুৎ থেকে ৭৮ হাজার টাকার সুবিধা, পিএম সূর্যঘর প্রকল্পে কীভাবে করবেন আবেদন?

এছাড়াও পর্ষদ জানিয়েছে যে, প্রতিটি স্কুল ওই নির্দিষ্ট পোর্টালটিতে ‘স্কুল লগ-ইন’ করে স্কুলের সমস্ত পিপিএস ও পিপিআর-এর ফলাফলের একটি সমন্বিত তালিকার পিডিএফ ডাউনলোড করতে পারবে। সংশোধিত মার্কশিট পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরীক্ষার্থীর আগের মার্কশিট ও সার্টিফিকেট এবং স্কুলের অথোরাইজেশন লেটার জমা দিতে হবে। শুধুমাত্র যারা পিপিএস ও পিপিআর-এর জন্য আবেদন করেছিলেন, তাদেরকেই নতুন মার্কশিট দেওয়া হবে।

রশিদ দেখাতে না পারলে মিলবে না মার্কশিট

মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এমন বেশকিছু স্কুল আছে যাদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এরকম ৮২ টি স্কুলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের কত টাকা বাকি রয়েছে তার হিসেবও সামনে এসেছে। মনে করা হচ্ছে কোনরকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তাই পর্ষদ জানিয়েছে যে, যদি স্কুলগুলি অফলাইনের আবেদন করে থাকে তাহলে পর্ষদের দেওয়া চালান এবং অনলাইনে আবেদন করলে পেমেন্ট করার স্ক্রিনশট নিয়ে পর্ষদের আঞ্চলিক অফিসে যেতে হবে। টাকা জমা দেওয়ার রসিদ দেখালে তবেই মিলবে পিপিএস-পিপিআর-এর মার্কশিট ও সার্টিফিকেট। সংশ্লিষ্ট স্কুলগুলিকে আগামী ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্ষদের আঞ্চলিক অফিস থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে।