সৌভিক মুখার্জী, কলকাতা: পরপর দু’বার নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই ডিম থেরাপির শিকার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এমনকি সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তখন তিনি অভিযোগ তুলেছিলেন। এবার ওই ডিম বর্ষণের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদের আইনজীবী। তবে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আবেদন জানালে তা খারিজ করে দেন। তালিকা মেনেই হবে এই মামলার শুনানি।
ডিম থেরাপির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ
রাজ্যে পালাবদলের পরপরই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল ডিম থেরাপি। তারপর থেকেই একের পর এক বিরোধী দলের নেতা-কর্মীদের উপর চলছে ডিমের হামলা। নিজের লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করতে এসে পরপর দু’দিন ডিম থেরাপির শিকার হয়েছেন মহুয়া। এমনকি পুলিশের সামনেই তাঁর উপর ডিম ছোড়া হলে প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ তোলেন সাংসদ। ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। তা নিয়েই এবার রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ মহুয়া।
আসলে গত বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে বাইরেই বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক জমায়েত করেন বলে অভিযোগ মহুয়ার। বৈঠক শেষ করে দলীয় কার্যালয় থেকে বার হতেই তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখিয়ে ডিম ছুড়ে মারা হয়। ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের না সামলে পুলিশ তাঁকেই নাকি জোর করে গাড়িতে তুলে দিয়েছিল। সেই সময় তেহট্ট থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার হাইকোর্টে সাংসদ।
আরও পড়ুন: ৭১ বছরেই নিভল জীবনদীপ, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
সেদিন তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথে নিজেকে তুলনা করে ফেসবুক লাইভে বলেন, “দেখে যান, বুলেটের মতো ডিম খাচ্ছি।” পাশাপাশি আগস্ট মাসের ডিম হামলায় হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি মহুয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, “রাজনীতিতে এসে ডিম ছোড়ার ভয় কেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন।” যদিও আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়ার মামলা গ্রহণ করেছেন। কিন্তু দ্রুত শুনানির আর্জি খারিজ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তালিকা মেনেই মামলাটি শুনানির জন্য উঠবে।










