সহেলি মিত্র, কলকাতাঃ নতুন সরকার সঙ্গে নতুন বাজেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ জুন, ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রথম রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছে। আর এই বাজেটে নানা বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, এদিনের বাজেটে শেষমেষ হয়তো দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরকার কোনও ঘোষণা করতে পারে বলে আশাবাদী লক্ষ লক্ষ সরকারি কর্মী। এদিকে এই নিয়ে ফের একবার সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। তুলে ধরলেন একটি হিসেব। কী হিসেব?
বাজেটের আগে ফের বিস্ফোরক সরকারি কর্মীরা
মলয় মুখোপাধ্যায় লেখেন, ‘আগামী ২২শে জুন রাজ্য বাজেট। সেই দিন ষষ্ঠ বেতন কমিশনের DA এবং বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করছি। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। স্বাভাবিক ভাবেই কেন্দ্র এবং রাজ্যের যে বেতনের ফারাক সেটা সরকারকে একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের ১ নং স্কেলের বেসিক ১৭ হাজার টাকা সঙ্গে ১৮% ডিএ এবং ১২% বাড়িভাড়া যোগে মোট বেতনের পরিমাণ ২২, ১০০ টাকা। অপরদিকে কেন্দ্রের এক নম্বর স্কেলের বেসিক ১৮০০০ টাকা, এক্ষেত্রে ৬০% ডিএ এবং ২৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যোগে মোট বেতনের পরিমান ৩৩, ৬৬০ টাকা। এছাড়াও দেখুন কেন্দ্রের ট্রান্সপোর্ট এলাউন্স এবং এডুকেশন এলাউন্স পরিমাণ কত সেটাও আমি দেখিয়ে দিয়েছি। হিসেব কষে আপনারা মোট বেতন কত তা দেখিয়ে দেবেন।’ অর্থাৎ পার্থক্য যে স্পষ্ট সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে উত্তরবঙ্গগামী ১২ নং জাতীয় সড়ক, বিকল্প রাস্তা কী?
এদিকে এই সরকারি কর্মীর পোস্টে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘একটা কথা বলি। কিছু মনে করবেন না। শ্যামল মিত্র দাদা একটা কথা বলেছিলেন শাসক বদলালেও শাসকের চরিত্র বদলায় না। সুতরাং বাজেটে বিশেষ কিছু আশা না করাই ভালো।’ অন্য একজন লেখেন, ‘KMC এলাকার রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের সবাই যেটা পেয়েছে সেটা দিয়ে দিক তারপর তো বাজেটে কি পাবে বা কি হবে সেটা নিয়ে চিন্তা করবে।। মাননীয় মুখ্যমন্ত্রী এই বয়স্ক মানুষগুলোর দিকে একবার ঘুরে দেখুক।। এরা জীবনের শেষ বেলায় এসে দাঁড়িয়ে আছেন আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী কাছে এই মানুষ গুলোর কথা একটু ভাবুন।। আমার বাড়িতে ২জন্ সরকারি অবসর প্রাপ্ত কর্মচারী চাতক পাখির মতন ব্যাঙ্ক একাউন্ট এর দিকে তাকিয়ে আছে আমি তাঁদের সন্তান হয়ে এই ব্যাপারে একদম নিরুপায় খুব কষ্ট হয়।’
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে আসন্ন রাজ্য বাজেট সম্পর্কে বড় তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যজুড়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সরকারি উদ্যোগে প্রস্তাবিত নীতিটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।’ তিনি বলেন, বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করা এবং সামাজিক কল্যাণ পরিষেবা উন্নত করার লক্ষ্যে বেশ কিছু ‘জনমুখী’ পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। রাজ্য সরকার পিএম মুদ্রা যোজনা, পিএম বিশ্বকর্মা এবং প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি-র মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি সহজতর করবে। মুখ্যমন্ত্রী চলতি অর্থ বছরে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ১০ লক্ষ ‘লাখপতি দিদি’ তৈরির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন।










