সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা হন তাহলে জানিয়ে রাখি, খুব শীঘ্রই মেমারি থেকে তারকেশ্বর অবধি লাইনের (Memari-Tarakeswar Rail Line) কাজ শুরু করবে রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এমনটাই জানিয়েছেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান।
এবার রেলপথে জুড়ছে মেমারি-তারকেশ্বর?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সন্তু পান জানান, ‘আমি একটি জায়গায় অ্যাপ্রোচ করেছি যাতে মেমারি থেকে তারকেশ্বর লাইনে দ্রুত কাজ শুরু হয়। এর ফলে মেমারির মানুষ খুব সহজেই বাবা তারকনাথ ধাম তারকনাথের দর্শনের জন্য তারকেশ্বরে আসতে পারেন।’ তারকেশ্বরের বিধায়ক সন্তু পান মেমারির বিধায়ক মানব গুহকে নিয়ে সকলের উদ্দেশ্যে এই বার্তা দেন। এখন দেখার কবে এই রেল প্রকল্প শুরু হয়, আদৌ শুরু হয় কিনা।
রেল ম্যাপে আসতে পারে বড় পরিবর্তন!
রিপোর্ট অনুযায়ী, মেমারি থেকে তারকেশ্বর নতুন রেল প্রকল্প শীঘ্রই হয়তো হবে। আর এই একই রেল পথে জুড়তে পারে মেমারি থেকে তারকেশ্বর হয়ে বাগনান। একই ট্রেনে মেমারি থেকে তারকেশ্বর আসতে পারবেন মানুষ। ৯৪ কিলোমিটার এই রেলপথের অধিকাংশ অংশই হয় আগে ন্যারোগেজ রেলপথে ছিল অথবা কোনও না কোনও রেল প্রকল্পের আওতাভুক্ত।
এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি রেলপথ এক রেলপথের মাধ্যমে যুক্ত হতে পারে ব্যান্ডেল-বর্ধমান মেইন লাইন, শক্তিগড় বালি কর্ড লাইন, মশাগ্রাম বাঁকুড়া লাইন, তারকেশ্বর শেওড়াফুলি লাইন, আমতা সাঁতরাগাছি লাইন এবং হাওড়া খড়গপুর মেইন লাইন। একজন লিখেছেন, ‘এটা যদি সত্যি হয় তাহলে কত লোকের যে ভালো হবে তা বলার ভাষা নেই। অন্য একজন লিখেছেন, ‘আশা করি রেলপথের বাস্তবায়ন খুব দ্রুত সম্পন্ন হবে।’ আরও একজন লিখেছেন, ‘আমি সরকারের কাছে হাওড়া থেকে উদয়নারায়ণ পুর পর্যন্ত রেল যোগাযোগের বাবস্থা যাতে হয় তার জন্য অনুরোধ করছি।’ যাইহোক এখন দেখার কেন্দ্রীয় সরকার নতুন রেল প্রকল্পের জন্য অনুমোদন দেয় কিনা।










