প্রীতি পোদ্দার, কলকাতা: এবার অচেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal), সুইমিং পুলে প্রতিযোগীদের উৎসাহ দিতে কস্টিউম পড়ে ঝাঁপ দিয়ে সকলের সঙ্গে সাঁতার কাটার (Dudh Kumar Mondal Swimming) আনন্দে মাতলেন তিনি। আর সেই গোটা দৃশ্যের সাক্ষী থাকল বিশ্বভারতীর উপাচার্য থেকে শুরু করে আধিকারিক, সাঁতার প্রতিযোগীরা। শুধু তাই নয় কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নিজের মুখেই স্বীকার করলেন তাঁর ফিট থাকার (Dudh Kumar Mondal Fitness) রহস্য।
সুইমিং পুলে সাঁতার কাটলেন কৃষিমন্ত্রী
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার শিল্পোৎসব উপলক্ষে বিশ্বভারতীর সুইমিং পুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ আর সেই প্রতিযোগিতায় আমন্ত্রিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। ছিলেন উপাচার্য প্রবীরকুমার ঘোষও। তবে এদিন শুধু আতিথেয়তাই গ্রহণ করেননি, উল্টে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে নিজেও পরিপাটি সেজে নেমে পড়লেন সুইমিং পুলে। পরনে ছিল সুইমিং কস্টিউম এবং চোখে পড়েছিলেন সাঁতারু চশমা। সাঁতারের আনন্দে কোথাও যেন তিনি খুঁজে পেলেন ছোটবেলায় ফেলে আসা তাঁর আনন্দের ঠিকানা।
কী জানালেন তিনি?
প্রতিযোগীদের সঙ্গে সাঁতারে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকরা কৃষিমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, “গ্রামের পুকুরে সাঁতার কেটে, স্নান করে বড় হয়েছি। তাই সেই অভ্যাস আমার এখনও আছে।” এদিকে মন্ত্রীর সাঁতার কাটার দৃশ্য মোবাইলের লেন্সবন্দি করলেন সকলে। ভাইরাল সেই ভিডিও। দিব্যি সাঁতার কেটে একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুঁটে চলেছেন তিনি, নেই কোনো ক্লান্তিবোধ। অর্থাৎ তিনি প্রমাণ করে দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, মন যদি চায় তাহলে সবকিছুই সম্ভব।”
আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সংশোধিত সম্পূর্ণ সূচি, কবে কোন পরীক্ষা জানুন
উল্লেখ্য, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছেন বিজেপির এই প্রবীণ নেতা দুধকুমার মণ্ডল। কিন্তু রাজ্য, রাজনীতির বাইরেও যে একটা জীবন আছে, তিনি আজও সেটা মেনে চলেন। কাজের ফাঁকে সময় থাকলে নিজের শরীরচর্চাও করতে ভোলেন না। তার উপর বিশ্বভারতীর মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সুইমিং পুলে এমন একটি প্রতিযোগিতামূলক আয়োজন একজন মন্ত্রীর সরাসরি অংশগ্রহণ সকলের মনে আলাদা আগ্রহ তৈরি করেছে।










