সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

Published:

Local Trains Cancelled in Sealdah Division

অনন্যা সরকার, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) আগামী ২৭ ও ২৮ জুন, অর্থাৎ শনি ও রবিবার গুরুত্বপূর্ণ ট্রাফিক ও পাওয়ার ব্লক (Power Block) করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। পরিমাঠানোর উন্নতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই রক্ষণাবেক্ষণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাওয়ার ব্লকের ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল (Local Train) করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করাও হয়েছে। আসুন তাহলে কোন কোন ট্রেন বাতিল হল, জেনে নেওয়া যাক।

পাওয়ার ব্লকের জন্য বাতিল একাধিক ট্রেন

রেলের তরফে জানানো হয়েছে যে, শনিবার রাত ১০ টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত এই পাওয়ার ব্লক চলবে। এর ফলে ৩৯০ মিনিট অর্থাৎ সাড়ে ৬ ঘন্টা ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। যেহেতু শনি ও রবিবার নিত্যযাত্রী ও কর্মজীবী মানুষের ভিড় কম থাকে, তাই রক্ষণাবেক্ষণের জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে। এর দরুন শিয়ালদহ শাখার কিছু ট্রেন পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। কয়েকটি ট্রেন পুরোপুরি বাতিল হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। 

শনিবার (২৭ জুন, ২০২৬) শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল হওয়া ট্রেনগুলি হল:

১. শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল – ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন/ ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ

২. শিয়ালদহ–ক্যানিং লোকাল – ৩৪৫৫৪ ডাউন, ৩৪৫৫৫ আপ

৩. শিয়ালদহ–বজবজ – ৩৪১৬২ ডাউন, ৩৪১৬১ আপ

৪. শিয়ালদহ–ডায়মন্ড হারবার – ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন/ ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ

৫. শিয়ালদহ–সোনারপুর – ৩৪৪৩৬ ডাউন

আর, রবিবার (২৮ জুন, ২০২৬) বাতিল হচ্ছে শিয়ালদহ–সোনারপুর লোকাল – ৩৪৪১২ ডাউন, / ৩৪৪১১ আপ

এছাড়া, ওই দুই দিন একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেন সোনারপুর ও নিউআলিপুর পর্যন্ত চলবে। আবার কিছু এই স্টেশন থেকে ছাড়া হবে। পাওয়ার ব্লক শুরু আগে নির্ধারিত গন্তব্য থেকে ছাড়া ও সমস্ত নির্ধারিত স্টপেজে থামা শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন ও ৩৪৫৫৩ আপ। আর ব্লক শেষ হয়ে গেলে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন প্রথম চলাচল শুরু করবে। 

আরও পড়ুনঃ টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও যাতায়াত করা যাবে ট্রেনে! বিরাট পদক্ষেপের পথে রেল

পাওয়ার ব্লক প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম (DRM) রাজীব সাক্সেনা বলেছেন যে, রেলের পরিকাঠামোর মান বজায় রাখার জন্য এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। যাত্রীদের চাপ শনি ও রবিবার তুলনামূলকভাবে কম থাকে বলে ওই দিনগুলিতে কাজ হবে। উন্নততর রেল পরিষেবার জন্য যাত্রীদের সহায়তা একান্ত কাম্য বলে জানিয়েছেন তিনি।