বিক্রম ব্যানার্জী, কলকাতা: শৌচাগারে পা পিছলে পড়ে ঘটে গেল মারাত্মক ঘটনা! প্রৌঢ়ার মলদ্বারে ঢুকে গেল 8 ইঞ্চির আস্ত একটি কাঠের বাট! ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের (Murshidabad) সালার থানার অন্তর্গত সমস্তপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক আখতার আলির পায়ুপথে বড়সড় কাঠের বাট ঢুকে যেতেই যন্ত্রণায় ছটফট করতে থাকে তিনি। তড়িঘড়ি তাঁকে পাশের জেলা পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই অস্ত্রোপচার করে বের করা হয়েছে ওই কাঠের টুকরোটি। কোনও মতে বেঁচে গিয়েছেন 50 বছর বয়সী আখতার আলী।
কৃষককে প্রাণে বাঁচালেন কাটোয়া মহকুমা হাসপাতালের ডাক্তার
রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের সমস্তপুর গ্রামের বাসিন্দা আখতার আলী অন্যান্য দিনের মতোই সম্প্রতি শৌচাগারে গিয়েছিলেন। তবে মনের ভুলে সেখানেই পা পিছলে একটি লম্বা কাঠের টুকরোর উপর পড়ে যান তিনি। 8 ইঞ্চি সেই কাঠের টুকরো ঢুকে যায় ওই কৃষকের মলদ্বারে। ব্যথায় ছটফট করতে থাকেন আখতার। জানতে পেরে ছুটে যান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাঁর অবস্থা ছিল অত্যন্ত গুরুতর।
কাটোয়া মহকুমা হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসক জানিয়েছেন, আখতারের পায়ুপথ পরীক্ষা করে দেখা যায় সেখানে আটকে রয়েছে একটি 8 ইঞ্চির লম্বা মোটাসোটা কাঠের টুকরো। তাঁরা দ্রুত সিদ্ধান্ত নেন অস্ত্রোপচার করবেন। সেই মতোই, অপারেশন করে বের করা হয় কাঠের বাটটি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আখতার। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।
আরও পড়ুন: খেলেন ইস্টবেঙ্গল সহ ৩ প্রধানেই, হয়েছিলেন গ্রেফতারও! প্রয়াত সেই তুখোর ফুটবলার
কাটোয়া মহকুমা হাসপাতালের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই মুর্শিদাবাদের ওই কৃষকের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে, কোনও মতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কৃষক আখতার আলী। এদিকে আখতারের অপারেশন নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডঃ সুব্রত হালদার জানান, প্রথমে কাঠের টুকরো বের করার চেষ্টা করেছিলেন তিনি। তবে পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতেই হয়। যদিও গোটা অপারেশন যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বলেই দাবি ওই চিকিৎসকের।










