খেলেন ইস্টবেঙ্গল সহ ৩ প্রধানেই, হয়েছিলেন গ্রেফতারও! প্রয়াত সেই তুখোর ফুটবলার

Published:

Footballer Death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 7 সেপ্টেম্বর গড়াবে কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby)। ঠিক তার আগেই বাংলার ফুটবলের আকাশে নেমে এলো শোকের ছায়া। শনিবার রাতে, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং মিলিয়ে মোট তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার আমজ়াদ আলি খানের (Footballer Death)। ময়দানের অত্যন্ত পরিশ্রমী ফুটবলার ছিলেন তিনি। তিন প্রধানেই নিজেকে একেবারে নিংড়ে দিয়েছিলেন আমজাদ। এহেন একজন তারকার চলে যাওয়া ভক্তদের চোখে জল এনে দেবে সেটাই স্বাভাবিক!

থেমে গেল তিন প্রধানে খেলা তারকার জীবন যুদ্ধ

টাটা ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পরই যেন ভাগ্যের চাকা ঘুরেছিল প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খানের। 2002 সালে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন তিনি। ঠিক তার পরের বছরই অল্প সময়ের জন্য হলেও যোগ দিয়েছিলেন মোহনবাগানে। পরবর্তীতে 2004 থেকে 2007 সাল পর্যন্ত ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। রাইট ব্যাক পজিশনে তিন প্রধানে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন আমজাদ আলি।

ময়দানের খবর যাঁরা রাখেন তাঁরা জানবেন, একসাথে কলকাতা ময়দানের তিন প্রধানে খেলার সৌভাগ্য সব ফুটবলারের হয় না। যাঁদের হয় তাঁরা অত্যন্ত বিরল প্রতিভা। সেই প্রতিভাদের মধ্যেই একজন ছিলেন আমজাদ। ক্লাব ফুটবলের পাশাপাশি ভারতের জুনিয়র দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। যদিও তাঁর ফুটবল জীবনে অন্ধকার নেমে এসেছিল 2007 সালে। চোট পাওয়ার পর পেশাদার ফুটবল জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সদ্য প্রয়াত আমজাদ।

আরও পড়ুন: হিন্দুদের অনুষ্ঠানে ‘মুসলিম’দের প্রবেশে নিষেধাজ্ঞা, ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

ফুটবল থেকে সরে যাওয়ায় কার্যত অন্য স্রোতে ভেসে গিয়েছিল আমিজাদের জীবন। যে বয়সটা মাঠ ছোটাছুটি করে ফুটবল খেলার বয়স সেই সময় নিজের ভাগ্যকে দোষ দিতে হয়েছিল ময়দানের এই চেনা মুখকে। 2018 সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং নারকোটিক্স শাখার হাতে মাদক পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলারকে। সেই ফুটবল পাগল ছেলেই কলকাতা লিগের ডার্বির ঠিক আগে দুর্ঘটনায় মৃত্যুবরণ করল। এই শোক মেনে নিতে পারছে না বাংলার ফুটবল মহল।