সৌভিক মুখার্জী, কলকাতা: বিলবোর্ড কাণ্ডে অভিষেকের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এর আগে একবার হাজিরা না দিয়ে থানায় ইমেইল পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে বুধবার ফের অভিষেককে তলব করা হয়। সেই সূত্রে এবার পুলিশের দরজায় হাজির হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, নোটিশে উল্লেখ করা হয়, বুধবার সকাল ১১ টায় তাঁকে হাজিরা দিতে হবে। আর সেই নোটিশের ভিত্তিতেই আজ অর্থাৎ চতুর্থীর দিন নির্ধারিত সময়সীমার মধ্যেই থানায় হাজির হয়েছেন যুবরাজ।
থানায় হাজিরা দিলেন অভিষেক
প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খুলতে গিয়ে পুলিশ কর্মী এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মীরা। সেই সূত্রে তিনটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। এমনকি হাজিরাও দিয়েছিলেন তিনি। পাশাপাশি দমকলের তরফ থেকে নোটিশ পাঠিয়ে অবিলম্বে ওই অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। এর আগে কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে গেলে দিল্লিতে ছিলেন তৃণমূল সাংসদ।
পরে ফের নোটিস দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেককে। তবে থানায় ইমেইল পাঠিয়ে তৃণমূল সাংসদ জানান যে অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার। সেই সূত্রে বুধবার হাজিরার নোটিশ দেওয়া হয়। পুনরায় সেই নোটিশে উল্লেখিত সময়সীমা মেনেই আইনজীবীকে সঙ্গে নিয়ে শেক্সপিয়ার সরণী থানায় পৌঁছন তিনি। উল্লেখ্য, পুলিশ এবং পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সূত্রে আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।
আরও পড়ুন: হলদিয়ায় ৬ হাজার কোটির মেগা প্রজেক্ট, আজই উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
গত ২৭ আগস্ট ওই বিলবোর্ড খোলা নিয়ে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ ওঠে, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। এমনকি পুলিশকর্মীরা সিঁড়িতে পর্যন্ত পড়ে যান। বাধা দেওয়া হয় পুরকর্মীদের। শেষ পর্যন্ত বিলবোর্ড খুলে দেয় পুরসভা। এমনকি বেশ কয়েকজনকে আটক করা হয় বলে খবর। তবে তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সেই মামলার সূত্র ধরেই এদিন জিজ্ঞাসাবাদ।










