হলদিয়ায় ৬ হাজার কোটির মেগা প্রজেক্ট, আজই উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Published:

Haldia Project

প্রীতি পোদ্দার, কলকাতা: দেবীপক্ষেই হলদিয়ায় (Haldia Project) হতে চলেছে শিল্প জোয়ার। আজ চতুর্থীতেই ৬ হাজার কোটি টাকা খরচে তৈরি দেশের বৃহত্তম সমন্বিত ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম টার্গেট ছিল শিল্প, তাই এই ক্ষেত্রে খরা কাটাতে একের পর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত কয়েক মাস ধরে শিল্প কারখানার সম্প্রসারণ নিতে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। আর এবার হলদিয়াতে নতুন পালক জুড়তে চলেছে।

৬ হাজার কোটির লগ্নি হলদিয়ায়

বিশ্বজুড়ে যেখানে তেলের তীব্র সংকট দেখা গিয়েছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিল্প নগর হলদিয়া পেট্রোকেমিক্যালে বিপুল উৎপাদন, বণ্টনের পাশাপাশি নতুন করে বিনিয়োগে আশার আলো দেখছে রাজ্যবাসী। জানা গিয়েছে, ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। নতুন এই কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ফেনলের ক্ষেত্রে ৩ লক্ষ ৪৫ হাজার টন। আর অ্যাসিটোন তৈরি হবে বছরে ২ লক্ষ ১৫ হাজার টন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এত বিপুল পরিমাণ ফেনল ও অ্যাসিটোন উৎপাদন ভারতের পূর্ব উপকূলে এই প্রথম হতে চলেছে।

উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত থাকবেন দ্য চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, এইচপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও নবনীত নারায়ণ এবং অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের সিইও সঞ্জীব বাসুদেবা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক। জানা গিয়েছে, ফেনল ও অ্যাসিটোন তৈরির মূল কাঁচামাল হল প্রোপিলিন এবং বেঞ্জিন। যা পাশের এইচপিএল কারখানা থেকে সরাসরি পেয়ে যাবে অ্যাডপার্মা। ফলে কাঁচামাল থেকে চূড়ান্ত রাসায়নিক তৈরির পুরো প্রক্রিয়াটিই একজায়গায় সম্পন্ন হবে।

আরও পড়ুন: নজিরবিহীন উদ্যোগ! খেজুরিতে হাসপাতাল গড়তে ২০ বিঘা জমি দান ব্যবসায়ীর

প্রসঙ্গত, হলদিয়ার এই প্রকল্পকে ঘিরে শিল্পমহলে নতুন আশার সঞ্চার হয়েছে। TCG গোষ্ঠীর চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, “হলদিয়ায় এই প্রকল্পটি বাস্তবে রূপ নিতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্পের পরবর্তী পর্যায়ের বৃদ্ধির ক্ষেত্রে অ্যাডপার্মা একটি শক্তিশালী ভীত হয়ে উঠবে। যদি এই প্রকল্প তার লক্ষ্য পূরণ করতে পারে তাহলে হলদিয়া পেট্রোকেমিক্যালের আশপাশে বহু অনুসারী শিল্প গড়ে উঠবে।” এখন দেখার রাজ্যের শিল্প বিকাশের পাশাপাশি দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোয় কতটা কার্যকরী ভূমিকা পালন করে এই হলদিয়া প্রজেক্ট।

google button