আগামী মার্চেই চলবে ট্রেন! ১৭ বছর পর বাস্তবায়িত হতে চলেছে নন্দীগ্রামের রেল প্রকল্প

Published:

Nandigram Rail Project

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: ২০০৯ সাল থেকে লালন করে আসা নন্দীগ্রামের মানুষের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ২০২৭ সালেই বাস্তবায়িত হবে রেলের মেগা প্রজেক্ট (Nandigram Rail Project)। সোমবার (৩১ আগস্ট) নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা ও নারী কল্যাণের পাশাপাশি নন্দীগ্রামে থমকে থাকা রেল প্রকল্পের জন্যও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের কথা বলেন। 

নন্দীগ্রামের দীর্ঘদিনের রেলপ্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে

২০২৭ সালের মার্চ মাসের মধ্যে নন্দীগ্রামে নির্মীয়মান রেল প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালে এই রেললাইন প্রকল্পের ঘোষণাটি করা হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে নানা কারণে বারবার থমকে গেছে রেলের প্রজেক্টটি এবং একাধিকবার বিলম্বের মুখে পড়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে নন্দীগ্রামে রেল প্রকল্পের কাজ শুরু হলেও, জমির সংক্রান্ত জটিলতায় ফের বন্ধ হয়ে যায় কাজ। 

রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর অবশেষে সেই জট কেটেছে। তাই নন্দীগ্রাম রেল প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী মাত্র ছয় একর জমির জন্য নন্দীগ্রামে রেলের কাজ আটকে রেখেছিলেন। নতুন সরকার উদ্যোগ নিয়ে সেই প্রয়োজনীয় জমি রেলকে হস্তান্তর করেছে, ফলে এখন দ্রুতগতিতে কাজ এগোচ্ছে।

আরও পড়ুন: নোংরা-থুথু ফেললে জরিমানা, পার্কিং চার্জ! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর একাধিক নিয়ম

রেল প্রকল্প ছাড়াও, এদিন নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে যাতায়াতের সুবিধার জন্য প্রস্তাবিত সেতুর কাজও শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যেই ৩২টি নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং একাধিক পুরোনো রাস্তার সংস্কারের কাজও সম্পন্ন হয়েছে, যা নন্দীগ্রামের সড়ক যোগাযোগকে আরও মসৃণ করেছে।