নোংরা-থুথু ফেললে জরিমানা, পার্কিং চার্জ! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর একাধিক নিয়ম

Published:

Agnimitra Paul

সৌভিক মুখার্জী, কলকাতা: সবে ১০০ দিন পূরণ হয়েছে নতুন সরকারের। তার মধ্যেই রাজ্যে এসেছে একাধিক বদল। প্রশাসনিক পরিবর্তন থেকে শুরু করে চালু করা হয়েছে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প। তবে এর পাশাপাশি নগরোন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। থুথু ফেললে জরিমানা থেকে শুরু করে রাতের পার্কিংয়ের চার্জ কিংবা আবর্জনা ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সবকিছুই কার্যকর হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। জেনে নিন ঠিক কী কী বদল আসছে।

১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে কার্যকর একাধিক নিয়ম

শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বদ্ধপরিকর রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি শহরকে যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি। এর পাশাপাশি বাজারগুলিতে প্লাস্টিকের বিকল্প ক্যারিব্যাগের জন্য বসানো হচ্ছে ভেন্ডিং মেশিন। এই বিষয়গুলি খতিয়ে দেখে কার্যকর করতে শনিবার নবান্নে কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, বিধাননগর পুরনিগমের আধিকারিক এবং তিনটি পুলিশ কমিশনারেট এলাকার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন অগ্নিমিত্রা পাল। এমনকি সেই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, ১ সেপ্টেম্বর থেকে ঠিক কোন কোন নিয়মে বদল আসবে।

প্রথমেই অগ্নিমিত্রা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় পার্কিং জোন বা নো-পার্কিং জোনগুলিকে চিহ্নিত করার কাজ চলছে। সাধারণ মানুষকে বেআইনি জায়গায় গাড়ি না পার্ক করার আবেদন জানানো হচ্ছে। বিশেষ করে ফুটপাতের উপর মোটরবাইক বা অন্যান্য যানবাহন না রাখার বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি নতুন একটি অ্যাপ চালু করা হবে। সেই অ্যাপের মাধ্যমেই গাড়ি চালকরা শহরের কোথায় কোথায় পার্কিং রয়েছে তা সহজে জানতে পারবে। তবে ১ সেপ্টেম্বর থেকে অবৈধ পার্কিং করলেই গুনতে হবে জরিমানা।

আরও পড়ুন: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফের পুলিশ ও দমকল, এবার কী কারণে?

এদিকে শহরকে প্লাস্টিকমুক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বাজারগুলিতে প্লাস্টিকের বিকল্প ক্যারিব্যাগ উপলব্ধ করার জন্য এবার ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে। এমনকি সেখানে প্লাস্টিকের বোতল ফেললে মিলবে পরিবেশবান্ধব ব্যাগ। এই নিয়ম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করার প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এমনকি এগুলির পাশাপাশি আগামীকাল থেকেই রাস্তার ধারে থুতু কিংবা মূত্র ত্যাগ করলে গুনতে হবে জরিমানা। তাছাড়া প্লাস্টিকের ক্যারিব্যাগ ফেললেও ফাইন হবে বলে জানানো হয়েছে।