মিলবে ১৭,৯৫১ টাকা, দুর্গাপুজো উপলক্ষে বোনাসের ঘোষণা সরকারের

Published:

Durga Puja Bonus

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরশুমে বিরাট উপহার দিল সরকার। প্রতিবছর দুর্গাপুজোর আগে রেল কর্মীরা বোনাসের (Durga Puja Bonus) অপেক্ষায় বসে থাকেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বোনাসের ঘোষণা করা হয়েছে, যার আওতায় উপকৃত হবেন প্রায় ১১.৪ লক্ষ কর্মী। প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ্য রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাসের অনুমোদন করা হয়েছে বলেই খবর। এমনকি এবার মোট ২০০৯.৬১ কোটি টাকা বোনাস দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রেল কর্মীদের জন্য বোনাসের ঘোষণা সরকারের

দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক খাতে কর্মরত কর্মীরা এই বোনাসের অপেক্ষায় দিন গোনেন। সেই মতো এবার রেল কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। জানা গিয়েছে, এবার মোট ১১ লক্ষ ৪০ হাজার ৭০ জন কর্মীকে দেওয়া হবে বোনাস। সেক্ষেত্রে একজন যোগ্য কর্মচারী ৭৮ দিনের জন্য সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তবে এই বোনাসের আওতায় বিভিন্ন বিভাগের কর্মরত কর্মীরা রয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান সহায়ক পয়েন্টস ম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ-সি স্টাফ।

মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে, সারা বছর রেল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ বছর এই বোনাস। ২০২৫-২৬ সালে রেল পরিষেবা লাভজনক ফল করেছে। আর এই বছর রেকর্ড পরিমাণ প্রায় ১৬৭০ মিলিয়ন টন পণ্য পরিবহন হয়েছে বলে খবর। তার পাশাপাশি ৭.৪১ বিলিয়ন যাত্রী বহন হয়েছে ভারতীয় রেলের মাধ্যমে।

আরও পড়ুন: দাবি DA এবং বেতন বৃদ্ধি, কলকাতা সহ একাধিক কলেজে আন্দোলন হোমিওপ্যাথিক চিকিৎসকদের

উল্লেখ্য, ২০২৫ এর ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভা ১০ লক্ষ ৯১ হাজার ১৪৬ জন কর্মচারীর জন্য ৭৮ দিনের বোনাসের অনুমোদন দিয়েছিল। গতবার দেওয়া হয়েছিল ১৮৬৫.৬৮ কোটি টাকা। আর এ বছর ১৪৩.৯৩ কোটি টাকা বাড়ানো হয়েছে, যা প্রায় ৭.৭ শতাংশ বৃদ্ধি। এর আওতায় ৪৯,৬০০ জন বেশি কর্মচারী অন্তর্ভুক্ত হচ্ছেন। তবে ৭৮ দিনের সময়সীমা আর কর্মীপিছু সর্বোচ্চ বোনাস অপরিবর্তিত রয়েছে। গত বছরও সর্বোচ্চ সীমা ছিল ১৭,৯৫১ টাকা।

google button