পরিচয় পত্র না দেখালে কেনা যাবে না মদ? কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে যা জানাল সুপ্রিম কোর্ট

Published:

liquor supreme court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দোকান থেকে মদ (Liquor) কেনার ক্ষেত্রে ক্রেতার বয়স যাচাই করার জন্য পরিচয় পত্র বাধ্যতামূলক করা হবে কিনা সেই সংক্রান্ত মামলায় এবার কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ অর্থাৎ বুধবার, ওই মামলার শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, নোটিস পাঠানো সত্বেও কেন্দ্রের তরফে কোনও আইনজীবী শুনানির সময় আদালতে উপস্থিত হননি। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে আদালত!

মদ কেনার ক্ষেত্রে দেখাতে হবে পরিচয় পত্র?

এদিন, সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের বেঞ্চে হয়েছিল এই মামলার শুনানি। আর এই মামলা দায়ের করেছিল কমিউনিটি এগেনস্ট ড্রাঙ্কেন ড্রাইভিং নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংগঠনের বক্তব্য ছিল, মদের কাউন্টার থেকে শুরু করে বার বা রেস্তোরাঁয় মদ বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করার একটি কার্যকর ব্যবস্থা চালু করা হোক।

আদালতে ওই সংস্থা জানিয়েছিল, বয়স যাচাই না করে অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ তুলে দিলে সমাজের একটা বড় অংশের নাবালক যেমন মদ্যপান করার সুযোগ পেয়ে যাবে ঠিক একইভাবে বিভিন্ন সময়ে দেশে দুর্ঘটনার পরিমাণ বাড়বে। বিশেষ করে মদ্যপ অবস্থায় ড্রাইভিং করে দুর্ঘটনার মতো বিষয়গুলি মাথাচাড়া দিয়ে উঠবে বলেই দাবি করে ওই সংস্থা।

বুধবার এই মামলার শুনানি চলাকালীন শুরুর দিকেই সরকার পক্ষের আইনজীবীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ। বিচারক জানতে চান, নোটিস পাওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কোনও আইনজীবী শুনানির সময় আদালতে হাজির হলেন না কেন? বিচারপতির কথায়, “আপনারা কি বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন না?” এদিন আদালতের মন্তব্যের পরই মামলাকারীর আইনজীবী বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তাঁরা বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।

আরও পড়ুন: ‘আপনাদের থেকে শেখা’ দেশে আন্দোলনের ঝড় তুলে বাংলাদেশকে ধন্যবাদ নেহা বোরার

মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর শুনানির একেবারে শেষ পর্যায়ে আদালত এই মামলায় কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান জানানোর জন্য চার সপ্তাহ সময় দিয়েছে। একই সাথে সরকারকে যত দ্রুত সম্ভব সলিসিটার জেনারেল তুষার মেহতাকে মামলার শুনানি চলাকালীন আদালতে হাজির করার অনুরোধ জানানো হয় ওই বেঞ্চের তরফে। বলে রাখা প্রয়োজন, মদ কেনা এবং বিক্রির ক্ষেত্রে ন্যূনতম বয়স সব রাজ্যে সমান নয়। তাছাড়াও দেশজুড়ে মদ বিক্রির ক্ষেত্রে ক্রেতা ন্যূনতম বয়স নির্ধারণ করার পাশাপাশি পরিচয় পত্র বাধ্যতামূলক করা নিয়ে দাবি উঠলেও সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

google button