আনিষা চৌধুরী, কলকাতা: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে (Krishna Nagar) বারবার হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর নিরাপত্তা নিয়ে চলা মামলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, ১৪ অক্টোবর বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মামলায় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ ডিসেম্বর।
কী অভিযোগ সাংসদ মহুয়ার?
মহুয়ার অভিযোগ, কৃষ্ণনগরে বিভিন্ন সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। দলীয় কার্যালয়ে থাকা অবস্থায় এবং গাড়িতে যাতায়াতের সময়েও নাকি হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে নিজের লোকসভা এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন তিনি। এর আগে হাই কোর্ট তাঁর সংসদীয় এলাকায় যাতায়াতের সময় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা সত্ত্বেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি বলে দাবি মহুয়ার।
বুধবারের শুনানিতে রাজ্যের তরফে সাংসদের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতকে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা এবং সাংসদদের নিরাপত্তা সংক্রান্ত ‘ইয়েলো বুক’ মেনেই মহুয়া মৈত্রকে এক্স (X) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। রাজ্যের বক্তব্য, নিয়ম অনুযায়ী তাঁর জন্য একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও (PSO) বরাদ্দ রয়েছে।
তবে রাজ্যের এই বক্তব্য নিয়ে আপত্তি জানান মহুয়ার আইনজীবী অর্ক নাগ। তাঁর দাবি, নিরাপত্তারক্ষী বরাদ্দ থাকলেও তিনি সব সময় মহুয়ার সঙ্গে থাকেন না। ফলে কাগজে-কলমে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে। এরপর অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মহুয়ার পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও মামলায় যুক্ত করার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদনে সম্মতি দিয়েছে।
শুনানিতে বিচারপতি জানান, বর্তমান নিরাপত্তা ব্যবস্থার চেয়ে আরও উন্নত নিরাপত্তা পাওয়ার জন্য কেন প্রয়োজন, তা আদালতের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে মহুয়াকে। বরাদ্দ পিএসও দায়িত্ব পালন না করলে সেই বিষয়টিও নির্দিষ্টভাবে জানানো প্রয়োজন। রাজ্যের রিপোর্টের জবাব দিতে মহুয়ার পক্ষকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পরিচয় পত্র না দেখালে কেনা যাবে না মদ? কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে যা জানাল সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মামলায় যুক্ত হওয়ার পর নিরাপত্তা নিয়ে কি আদৌ কোনও পরিবর্তন ঘটবে? এই ঘটনার পর, মহুয়ার অতিরিক্ত নিরাপত্তার আবেদন সম্পর্কে আদালত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।










