অনন্যা সরকার, দক্ষিণ দিনাজপুর: কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও পরিবারের সমর্থন থাকলে সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়, তা আবারও প্রমাণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্র প্রিয়ব্রত সরকার (NEET UG Success Story of Priyabrata Sarkar)। অভাব অনটনের মধ্যেও এবছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET UG 2026) অসাধারণ সাফল্য অর্জন করে পরিবার সহ সারা জেলার গর্বের কারণ হয়ে উঠেছেন তিনি। আসুন প্রিয়ব্রতর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
চরম অভাবের মধ্যেও ডাক্তার হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বাবা-মায়ের অবদান
গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি (২) গ্রাম পঞ্চায়েতের ঠেঙ্গাপাড়া–বোয়ালদহ গ্রামের বাসিন্দা প্রিয়ব্রত সরকার এবছর নিট ইউজি পরীক্ষায় ৭২০-এর মধ্যে ৬৬৩ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় ৭৮৪তম স্থান, ওবিসি বিভাগে ২৩৭তম স্থান অর্জন করে নিয়েছেন। এই অতুলনীয় ফলাফলের সাথেই তিনি দক্ষিণ দিনাজপুর জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীর শিরোপাও জয় করেছেন। রাজ্য সরকারও তার এই অসামান্য সাফল্যের স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন: ১১ বছর বয়সে হয়ে যায় বিয়ে, দারিদ্রতার সঙ্গে লড়াই করে ৫ বারের চেষ্টায় NEET-এ সফল
পশ্চিমবঙ্গের সেরা ১০০ জন কৃতী ছাত্রছাত্রীর তালিকাতে স্থান করে নিয়েছেন প্রিয়ব্রত সরকার। মঙ্গলবার নবান্নে (Nabanna) আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্বর্ধনা পায় প্রিয়ব্রত। এছাড়া, রাজ্য সরকার নিট উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের একটি করে ল্যাপটপও উপহার দেয়। জেলা প্রশাসন তাঁর পরিবারকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে প্রিয়ব্রতর কলকাতায় আসার সমস্ত ব্যবস্থাপনাও সম্পন্ন করেছিল।
ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রেমানন্দ সরকার জানান, ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো প্রিয়ব্রত। সংসারে চরম অভাব অনটন থাকা সত্ত্বেও কখনও সন্তানের স্বপ্নকে শেষ হয়ে যেতে দেননি। বাবা-মায়ের আত্মত্যাগ ও শিক্ষকদের সহযোগিতায় আজ এই সাফল্য অর্জন করতে পেরেছেন তিনি।
আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির আওতায় আসবে বাংলা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রিয়ব্রত নিজেও আবেগাপ্লুত হয়ে জানান যে, এত ভালো র্যাঙ্ক করবেন, তা তিনি নিজেও প্রত্যাশা করেননি। তাঁর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর বাবা-মা ও শিক্ষকদেরই। ভবিষ্যতে ডাক্তারিতে কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন, তা এখনও ঠিক করেননি। তবে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন, এটাই তাঁর স্বপ্ন। প্রিয়ব্রতর এই সাফল্যে বোয়ালদহ গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে খুশির জোয়ার। অর্থনৈতিক অনটন যে কখনও মেধা ও অধ্যবসায়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তারই জীবন্ত উদাহরণ প্রিয়ব্রত সরকার।










