সৌভিক মুখার্জী, কলকাতা: বড় খবর। রাজ্যে নতুন সরকার গঠন করার পর একাধিক প্রতিশ্রুতি পূরণের মধ্যে এবার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি রাজ্যের ওবিসি সংরক্ষণ (OBC Reservation) ১৭% থেকে কমিয়ে ৭% করে দেওয়া হল। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ সম্পূর্ণভাবে বাতিল করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। ফলে লাভের লাভ এবার পিছিয়ে পড়া হিন্দুদের।
কাটছাঁট করা হল ওবিসি সংরক্ষণ
আসলে তৃণমূল কংগ্রেসের জামানায় ওবিসি কোটা বাড়িয়ে একেবারে ১৭% করে দেওয়া হয়েছিল। যার ফলে সরকারি চাকরিতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ শ্রেণীর প্রার্থীদের। এমনকি ওবিসি-এ এবং ওবিসি-বি দুই ক্যাটাগরি করে সংরক্ষণ দেওয়া হয়েছিল। তবে সেই সংরক্ষণের ঊর্ধ্বসীমা কমিয়ে ৭% করেছে শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। আর সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকা মান্যতা দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে হিন্দু অধ্যুষিত অনগ্রসর শ্রেণীর মানুষরা সুবিধা পাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এদিকে সংরক্ষণের মধ্যে মুসলিম কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিশেষ করে ওবিসি-এ ক্যাটাগরির সিংহভাগই মুসলিম সম্প্রদায় ছিল। এমনকি ওবিসি-বি তেও ছিল মুসলিম জনগোষ্ঠী। তবে সেই সমস্ত সংরক্ষণ এবার বন্ধ করল রাজ্য সরকার। দাবি উঠছিল, এই সংরক্ষণের ফলে অনগ্রসর হিন্দুরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছিলেন। সেই কারণেই রাজ্যের মন্ত্রিসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংবিধানে ধর্মের ভিত্তিতে আর কোনও সংরক্ষণ থাকবে না। তাই মুসলিমদের ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ‘১০ হাজার কোটির রেভিনিউ লুঠ’, বীরভূমে প্রাক্তন সরকারের বড় কেলেঙ্কারি ফাঁস
এমনকি রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতী বা এসসি / এসটি শ্রেণীর বাইরে থাকা প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলি এই ৭% সংরক্ষণের সুবিধা পাবে। এর মধ্যে কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষ আসতে পারবে না। আর এর ফলে সরকারি চাকরি বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে পিছিয়ে পড়া হিন্দুরা বিরাট উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।










