সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই পেটে লাথি পড়েছে হকারদের। শিয়ালদা থেকে শুরু করে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই অবৈধ সমস্ত হকারদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এবার পার্ক সার্কাস স্টেশনে (Park Circus Railway Station) হকার উচ্ছেদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এমনকি তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
পার্ক সার্কাস স্টেশনে হকার উচ্ছেদ
সূত্রের খবর, রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, “পার্ক সার্কাস স্টেশনে অবস্থিত সমস্ত হকদারদেরকে জানানো যাচ্ছে যে, আপনারা অবৈধভাবে প্লাটফর্মে যে দোকান করে বা স্টল সাজিয়ে হকারি করছেন তার জন্য প্ল্যাটফর্মের জায়গা অনেকটাই সংকুচিত হচ্ছে। এমনকি সাধারণ যাত্রীদের চলাফেরাতে অসুবিধা হচ্ছে। এর কারণে প্রাণহানির সম্ভাবনা হতে পারে। তাই আপনাদেরকে জানানো যাচ্ছে, বিজ্ঞপ্তি পাওয়ার আগামী তিন দিনের মধ্যেই আপনারা দোকান বা স্টলগুলি সরিয়ে নেবেন প্ল্যাটফর্ম থেকে। না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ডবল ইঞ্জিন সরকার রাজ্যে ক্ষমতা দখল করার পরেই হাওড়া এবং শিয়ালদা সহ এই ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অভিযান চালানো হচ্ছে, এবং অবৈধ হকার বা ঝুপড়ি কিংবা ছোট দোকানগুলোকে উচ্ছেদ করা হচ্ছে বলে খবর। এমনকি শনিবার রাতে হাওড়া স্টেশনের প্রবেশ পথ লাগোয়া অংশে অভিযান চালানো হয়, যেখানে প্রায় সাড়ে ৫০০ অবৈধ দোকান উচ্ছেদ করে দেওয়া হয়। এছাড়া শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশন এবং সোনারপুর স্টেশনেও চলে অভিযান। যেখানে আনুমানিক সাড়ে ৩০০ দোকান উচ্ছেদ করে প্ল্যাটফর্মকে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি হাওড়া স্টেশন চত্বর থেকে শনিবার রাতে বুলডোজার দিয়েও দখলদারদের উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ‘মিথ্যে প্রতিশ্রুতি,’ DA, সপ্তম বেতন কমিশন নিয়ে বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা
সেই ধারা বজায় রেখেই এবার পার্ক সার্কাস স্টেশনে হকার উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি পেয়ে ইতিমধ্যেই হকাররা ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের দাবি, “প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরেই আমরা এখানে খাবারের দোকান চালাচ্ছি। এখন যদি উঠে যেতে বলা হয় তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে।” এদিকে হকার সংগঠন সূত্রে খবর, অতীতে সতর্ক করা হলেও প্রশাসন কোনও রকম তৎপরতা দেখায়নি। সেক্ষেত্রে আগের তৃণমূল কংগ্রেসের সরকারের গাফিলতিকেই সবাই কাঠগড়ায় তুলছে।










