ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থমকাল ট্রেনের চাকা, হাওড়া-দিল্লি মেন লাইনে ব্যাহত রেল চলাচল

Published:

Train

সহেলি মিত্র, কলকাতাঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি প্যাসেঞ্জার ট্রেন (Train)। চলতে চলতে মাঝপথে বিকল হয়ে গিয়েছে ট্রেন। ঘটনাটি ঘটেছে হাওড়া-দিল্লি মেল লাইনের আপ লাইনে। স্থানীয়দের মতে, বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তা না হওয়ায় রক্ষে। ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুরে।

রূপনারায়ণপুর স্টেশনে বিকল ট্রেন

রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার রূপনারায়ণপুর রেল স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেন ১৭০০৫ হায়দ্রাবাদ-রক্সৌলের ইঞ্জিন আচমকাই বিকল হয়ে যায় এবং ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে। সেই সঙ্গে একটি মালগাড়িও সেখানে আটকে পড়ে। এর ফলে প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রীদের মধ্যে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে। বহু যাত্রী ট্রেন থেকে নেমে আসেন। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। প্রাপ্ত খবর অনুযায়ী, এই কাণ্ডের পর দুই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ।

প্রবল এই গরমের মধ্যে ট্রেন থেকে নেমে এদিক-ওদিক খাবারের সন্ধান করছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে রূপনারায়ণপুর রেলগেটের কাছে খাবারের দোকানগুলিতে ইতিমধ্যেই সমস্ত খাবার-দাবার শেষ হয়ে গেছে। পানীয় জলের জন্যেও যাত্রীরা কাছাকাছি দোকানগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন।

বিপাকে রেল যাত্রীরা

ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঘটনার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে যাত্রীরা কীভাবে গরমে ঠায় রেল লাইনের ওপর ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন পরিস্থিতি স্বাভাবিকভাবে হবে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন ট্রেনের যাত্রীরা। এরকম প্রবল গরমের মধ্যে এই ঘটনা কাম্য নয় কারোরই। কালঘাম ছুটে যাচ্ছে সকলে। কখন সব ঠিক হবে, উত্তর জানা নেই কারোর। তবে এই ঘটনা যেন নতুন করে রেলের গাফিলতি আবারও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।