লোন দেওয়ার নামে আইনজীবী সেজে প্রতারণা, বনগাঁ আদালত থেকে গ্রেফতার ৩

Published:

Bangaon

প্রীতি পোদ্দার, কলকাতা: অবাক কাণ্ড বনগাঁ আদালতে (Bangaon), ফিল্মি কায়দায় আইনজীবী সেজে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে (Fake Lawyer)। গতকাল, মঙ্গলবার বিকেলে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। শেষে প্রতারকদের কর্মকাণ্ড জানাজানি হতেই পুলিশের হাতে তুলে দিয়েছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও প্রতারিত হওয়া ব্যক্তিরা।

বনগাঁ আদালতে ৩ ভুয়ো উকিল

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার, বিকেলে কালো কোট-প্যান্ট পড়ে এক যুবক ও দু’জন যুবতী বনগাঁ আদালত চত্বরে এসেছিল। সেখানে তাঁদের নিজেদের মধ্যে আচমকা বিবাদ শুরু হয়ে যায়। আর তা দেখে অন্যান্য আইনজীবীরা সেখানে ছুটে আসেন এবং তিনজনকে সন্দেহ হতেই তাঁদের আদালত চত্বরে বসিয়ে রাখেন। এরপরই তাঁদের দেখতে ছুটে আসেন প্রতারিতরা। তাঁদের দাবি, শংকর ঘোষ নামে এক যুবক ঋণ দেওয়ার নাম করে সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরিচয় দিয়েছিলেন তিনি বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। এইভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।

শুরু হয়েছে ঘটনার তদন্ত

জানা গিয়েছে, এদিন বনগাঁ আদালতে ঋণের কাগজপত্র এবং তাঁদের নথিপত্র নোটারি করার জন্য প্রথমে ডাকা হয়েছিল। এরপর তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলেন অভিযুক্তরা। পরে ওই ভুয়ো আইনজীবীরা আটক হতেই আসল কথা প্রকাশ্যে আসে। প্রতারিতদের মধ্যে বীরভূম থেকে আসা এক ব্যক্তি জানায়, “বেসরকারি সংস্থার মাধ্যমে কোর্ট এগ্রিমেন্ট করে লোন দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে ৪০ হাজার টাকা নেওয়া হয়। এদিকে এদিন আরও ৬ জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়।” ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

আরও পড়ুন: “সনাতনী হিন্দুরাই সবথেকে বেশি বাল্য বিবাহ করে” কল্যাণের মন্তব্যে বিতর্ক

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে একইভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ব্যাঙ্ক থেকে লোন করে দেওয়ার টোপ দেওয়ার অভিযোগ উঠেছিল চার ভুয়ো উকিলের বিরুদ্ধে। নিয়ে হাজির হতে বলা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। কেই যাতে সন্দেহ না করে তারাও উকিলের পোশাক পরে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির হয়েছিল। যদিও পরে ব্যাঙ্ক লোনের জন্য আসা ব্যক্তিরা বুঝতে পেরেছিলেন যে, কোনও প্রতারণার ফাঁদে পড়তে চলেছেন তাঁরা। তারপর তড়িঘড়ি খবর দেওয়া হয়েছিল ব্যারাকপুর থানার পুলিশকে। এবার সেই একই ঘটনার ছায়া দেখা গেল বনগাঁয়।