কোম্পানি ডিরেক্টর হলে বা চারচাকা থাকলেই রেশন কার্ড বাতিল, বড় পদক্ষেপ সরকারের

Published:

Ration Card

অনন্যা সরকার, তমলুক: সরকারের নির্দেশ মতোই, এসআইআরআর (SIR) প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটারদের নাম কাটা পড়ছে রেশন কার্ড (Ration Card)-এর তালিকা থেকেও। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ সেইসব গ্রাহকদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের চারচাকা গাড়ি, কোনও কোম্পানিতে ডিরেক্টর পদ, পিএম কিষাণ ক্রেডিটে কার্ডে পাঁচ লক্ষ টাকা কিংবা তার বেশি লোন এবং জিএসটি রেজিস্ট্রেশন (GST Registration) রয়েছে। এর জন্য ব্লকে ব্লকে চলেছে সার্ভে। বীরভূমের পর এবার পূর্ব মেদিনীপুরে এরকম ৬,৬৯৪ জন ‘সচ্ছল’ ব্যক্তির নাম উঠেছে রেশন কার্ড বাতিলের তালিকায়।

আয়করদাতাদের রেশন কার্ড বাতিল নিয়ে বিতর্ক 

আয়কর দেন এমন ব্যক্তি ও তার পরিবারের প্রতিটি সদস্যের রেশন কার্ড বাতিল করে দেয় বর্তমান রাজ্য সরকার। এই নিয়ে সমালোচনা শুরু হয়। পরিবারের এক সদস্য আয়কর দিলে, বাকি সদস্যদের কার্ড বাতিল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাই সরকার পরে শুধুমাত্র আয়করদাতা ছাড়া বাকিদের কার্ডগুলি সক্রিয় করে দেয়। পূর্ব মেদিনীপুর জেলায় এভাবে এক লক্ষ ৪০ হাজার জনের কার্ড বাতিল করা হয়েছিল, পরে শুধুমাত্র ২৮ হাজার জন আয়কর দাতার কার্ড নিষ্ক্রিয় করা হয়। 

আরও পড়ুন: এবার সব স্কুলে চালু হচ্ছে বায়োমেট্রিক, পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের

বর্তমানে খাদ্য ও সরবরাহ দফতর সেইসব রেশন কার্ডহোল্ডারদের সন্দেহের তালিকায় রেখে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে, যাদের চারচাকা গাড়ি রয়েছে, যারা কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে কিংবা পিএম কিষান ক্রেডিট কার্ডে ৫ লক্ষ বা তার অধিক ঋণ মঞ্জুর হয়েছে। 

এক্ষেত্রেও তৈরি হয়েছে সমস্যা। যেমন – সাধারণ কৃষকদের নিয়ে গঠিত ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশনকে (FPO) কোম্পানির স্বীকৃত দেওয়া হয় এবং সাধারণ চাষিরাই ওইসব সংস্থার ডিরেক্টর পদে আসীন। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এরকম অসংখ্য এফপিও বা সাধারণ সংস্থা রয়েছে, যার ডিরেক্টরদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। 

আরও পড়ুন: আড়াই মাসেই সরকারের রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

রাজ্যের খাদ্য দফতর এই সংক্রান্ত একটি তালিকা পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনকে পাঠিয়েছে। এরপর থেকেই ৫টি পুরসভা এবং ২৫টি ব্লকে সার্ভে শুরু হয়েছে। আয়করদাতা হিসেবে তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় ও তাঁর স্ত্রীয়েরও রেশনকার্ড বাতিল হয়েছে। তিনি নিজেই এই বিষয়টি জানিয়েছেন। জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, ৬৬৯৪ জন সন্দেহজনক রেশন কার্ডহোল্ডারের নামের তালিকা তাদের কাছে এসেছে। সেই তালিকা এখন প্রত্যেক ফুড সাপ্লাই অফিসারের কাছে পাঠানো হয়েছে, যার ভিত্তিতে চলছে সার্ভে।