সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের মাথায় হাত, এবার ভাঙা পড়তে চলেছে বিখ্যাত বেলেঘাটা রেল ব্রিজ (Beleghata Railway Bridge)। এর ফলে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, শিয়ালদহের (Sealdah) বেলেঘাটা রেল সেতুর জীর্ণ অবস্থার কারণে সেটি ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা করেছে রেল। আর এই কাজের জন্য সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। এদিকে প্রশাসনের এহেন সিদ্ধান্তের ফলে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ। কীভাবে তাঁরা আগামী দিনে এই সেতু ছাড়া যাতায়াত করবেন সেটা ভেবেই আশঙ্কায় ভুগছেন।
ভাঙা পড়তে চলেছে বেলেঘাটা রেল ব্রিজ
রেল ব্রিজ ভাঙা কাজের জন্য সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তাব ইতিমধ্যেই কলকাতা পুলিশের (Kolkata Police)কাছে পাঠানো হয়েছে। তবে কবে থেকে কাজ শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। রেল ও পুলিশের যৌথ পরিদর্শনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। সেতু বন্ধ হলে বেলেঘাটা থেকে শিয়ালদহের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই বিকল্প পরিকল্পনা হিসেবে কিছু বাসকে নারকেলডাঙা মেন রোড, মানিকতলা মেন রোড ও কনভেন্ট রোড দিয়ে ঘুরিয়ে চালানোর ভাবনা চলছে।
ব্যাপক হয়রানির আশঙ্কা সাধারণ মানুষের
এছাড়া কিছু বাসকে ইএম বাইপাস দিয়ে চালানো, শিয়ালদহ স্টেশনের পার্সেল গেট থেকে অটো, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব পরিষেবা চালুর বিষয়েও আলোচনা চলছে। তবে ক্যানাল ওয়েস্ট রোড ও পার্সেল গেটের রাস্তা সংস্কারের পরই সেতু ভাঙার চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, কয়েক দশকের পুরনো ওই সেতুর নীচে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইন। ওই সেতু বন্ধ হলে বেলেঘাটা থেকে শিয়ালদহ আসার সোজা রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাতে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
উল্লেখিত এই গুরুত্বপূর্ণ সেতু ভাঙা হলে এবং তা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত বেলেঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত গাড়ি কী ভাবে আসবে, তার একটি বিকল্প পরিকল্পনা প্রাথমিক ভাবে করেছে পুলিশ। তবে তা এখনও অবধি চূড়ান্ত নয় বলে খবর। এদিকে বিকল্প রাস্তা তৈরি করা হলেও উত্তর এবং পূর্ব কলকাতার মানুষকে ভোগান্তিতে পড়তে হবেই বলে আশঙ্কা করছেন সকলে।










