সহেলি মিত্র, কলকাতা: ভ্রমণপিপাসুদের জন্য রইল দারুণ সুখবর। পুজোয় যদি আপনারও বারাণসী যাওয়ার প্ল্যান হয়ে থাকে, অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাহলে আজকের এই খবরটি আপনার মন ভালো করে দেবে। আসন্ন দুর্গাপুজো, দীপাবলি ও ছট পুজো উৎসবে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড়ের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ কলকাতা ও বেনারসের মধ্যে স্পেশাল ট্রেন (Banaras Kolkata Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল।
বেনারস-কলকাতা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের
পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রেনটি উভয় দিকে মোট আটটি ট্রিপ চালাবে। রেলের তরফে চালু করা এই ট্রেন উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত আরও সহজ করে তুলবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিপুল যাত্রীর ভিড়ের আশঙ্কায় এই পুজো স্পেশাল ট্রেনটি চালানো হচ্ছে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ থাকবে। উল্লেখ্য, উৎসবের সময় যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ এই ধরনের বিশেষ ট্রেন পরিচালনা করে থাকে।
ট্রেনের সময়সূচি ও স্টপেজ কী?
এবার আসা যাক ট্রেনটির সময়সূচি এবং স্টপেজ সম্পর্কে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, 05048 বেনারস-কলকাতা স্পেশাল আগামী ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর অবধি প্রতি মঙ্গলবার চলবে। বেনারস থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়বে এবং সেটি কলকাতায় পৌঁছাবে পরের দিন ভোর ৬:১৫ নাগাদ। ফিরতি পথে 05047 কলকাতা-বেনারস স্পেশাল ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর প্রতি বুধবার সকাল সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন ট্রেনটি ভোর ৪:১৫ নাগাদ বেনারসে পৌঁছাবে।
আরও পড়ুনঃ ট্রেন লেট রুখতে বড় পদক্ষেপ পূর্ব রেলের, শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন প্রযুক্তি
ট্রেনটির স্টপেজ সম্পর্কে বললে, উভয় দিকে যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল জংশন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনগুলিতে থামবে থামবে। রেল আশাবাদী, এর ফলে উৎসবের মরসুমে এই স্টেশনগুলো ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের যাতায়াত সহজ হবে।
পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চালাবে রেল
এছাড়াও, যাত্রীদের দাবিকে মান্যতা দিয়ে পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। 08405 পুরী–সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার, ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। পুরী থেকে ছাড়বে বিকেল ৫:৪৫ মিনিটে, সাঁতরাগাছি পৌঁছাবে পরের দিন ভোর ৩:৪৫ মিনিটে। 08406 সাঁতরাগাছি–পুরী প্রতি মঙ্গলবার, ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। সাঁতরাগাছি থেকে ছাড়বে সকাল ৮:৪৫ মিনিটে, পুরী পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। রেল জানিয়েছে, ট্রেন দু’টি খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওয়াই রোড, ভদ্রক, বালাসোর, রূপসা, জলেশ্বর ও খড়্গপুর স্টেশনে থামবে।










