সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকালে রেল পরিষেবা ব্যাহত হওয়া নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর একই সমস্যার সম্মুখীন হয়েছে রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ যাত্রী। জায়গায় জায়গায় জল জমে থাকার কারণে সমস্যা হয় রেল পরিষেবায়। সর্বাপেক্ষা বেশি সমস্যার সম্মুখীন হন নিত্য যাত্রীরা। ট্রেন দেরি কিংবা বাতিল হলে বাড়ি থেকে কর্মস্থল কিংবা কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাধার সম্মুখীন হন যাত্রীরা। বর্ষাকালের এই রোজনামচা বদল করতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল (Eastern Railways Zone)।
নতুন প্রযুক্তি আনল পূর্ব রেল
পূর্ব রেলের অধীনস্থ শিয়ালদা এবং ব্যারাকপুর স্টেশনে প্রযুক্তিগত কিছু বদল আনতে চলেছে রেল। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ব্যারাকপুর ও শিয়ালদায় বসতে চলেছে অ্যাডভান্সড রেল ডিটেকশন সিস্টেম। শিয়ালদা ডিভিশন ইতিমধ্যে শিয়ালদা ও ব্যারাকপুর স্টেশনে নিয়ে এসেছে Multi Section Digital Axle Counter (MSDAC) প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে অনেকটাই সরলীকৃত হবে নিরবিচ্ছিন্ন রেল পরিষেবা।
আরও পড়ুনঃ টাকা দিয়ে সাহায্য করে সাধারণ মানুষ, ক্যাটালিনা চ্যানেল জয় মেদিনীপুরের মেয়ে আফরিনের
আসলে এবারের বর্ষায় দফায় দফায় ভারী বৃষ্টির কারণে একাধিকবার ব্যহত হয়েছে রেল পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সাধারণ যাত্রীরা যেমন সমস্যার সম্মুখীন হন, তেমনই অসুবিধায় পড়েন রেল কর্মী ও আধিকারিকরা। ফলে সমস্যার সমাধান হওয়া জরুরি। রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত এলাকায় জল জমার কারণে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা যায়, সে দিকেও নজর দিয়েছে রেল।
উপকৃত হবেন রেল যাত্রীরা
রেলের সিগন্যালিং ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। এছাড়া, শিয়ালদা ও ব্যারাকপুর—দুই অত্যন্ত জনপ্রিয় স্টেশনে স্থাপন করা হচ্ছে মাল্টি সেকশন ডিজিটাল অ্যাকসেল কাউন্টার প্রযুক্তি। ব্যারাকপুরের ৪, ২, ১এ ও ১ নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ডিসি ট্র্যাক সার্কিট রয়েছে, সেখানে কার্যকর হতে চলেছে এই বিশেষ প্রযুক্তি। ডাউন সাবার্বান লাইনেও এই প্রযুক্তি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। রেলের এহেন উদ্যোগে যাত্রী দুর্ভোগ আগের তুলনায় অনেকটাই কমবে বলে খবর।










