শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস চলার দিনক্ষণ, সময়সূচি, স্টপেজ জানাল পূর্ব রেল

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হতে চলেছে শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের (Sealdah-Banaras Amrit Bharat Express) নিয়মিত পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বিষয়ে সুখবর শুনিয়েছে পূর্ব রেল। গতকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটের ট্রেনকে সবুজ পতাকা দেখান। হয় উদ্বোধনী যাত্রাও। কিন্তু কবে থেকে জনসাধারণের জন্য এই ট্রেন পরিষেবা শুরু হবে সেই বিষয়ে জানা যায়নি এতদিন। তবে এবার জানা গেল।

২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শিয়ালদা-বেনারস অমৃত ভারতের নিয়মিত পরিষেবা

আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে শিয়ালদা-বারাণসীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস চলবে? পূর্ব রেল জানিয়েছে। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার থেকে মিলবে পরিষেবা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ২২৫৮৮/২২৫৮৭ বেনারস-শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের ত্রি সাপ্তাহিক সূচনা করা হবে। ট্রেন নম্বর ২২৫৮৮ বেনারস-শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা ২৩ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হবে। অপরদিকে ২২৫৮৭ শিয়ালদা-বেনারস ২৪ জানুয়ারি শিয়ালদা থেকে চলতে শুরু করবে।

ট্রেনের সময়সূচি ও স্টপেজ

এবার আসা যাক ট্রেনের সময়সূচি সম্পর্কে। বেনারস থেকে প্রথম ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রাত ২২:১০ মিনিটে ছেড়ে যাবে। এরপর পরের দিন অর্থাৎ শনিবার ট্রেনটি শিয়ালদা ঢুকবে সন্ধে ১৯:৩০ মিনিট নাগাদ। বেনারস থেকে ট্রেনটি প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার চলবে। এছাড়া শিয়ালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনি, সোমবার এবং বুধবার চলবে।

আরও পড়ুনঃ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের কমার্শিয়াল জার্নি শুরুর দিন ঘোষণা রেলের

ট্রেনটি বেনারস এবং শিয়ালদা উভয় যাত্রাপথে স্টপেজ দেবে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন, পাটনা জংশন, জসিডি জংশন, মধুপুর জংশন, আসানসোল জংশন, দুর্গাপুরের মতো কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে। ট্রেনটিতে ৮টি স্লিপার ক্লাস, সাধারণ দ্বিতীয় শ্রেণি থাকবে ৮টি এবং LSLRDPP কোচ থাকবে ২টি। অর্থাৎ ট্রেনটি মোট ১৮ কোচের হবে।