জুলুম খাটিয়ে পুজোর চাঁদা তুললেই জানান অভিযোগ, জারি হোয়াটসঅ্যাপ নম্বর

Published:

Durga Durga

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই দুর্গাপুজো (Durga Puja)। তারপর কালীপুজো, লক্ষ্মীপুজো। তবে এই পুজোর মরশুমকে সামনে রেখে পাড়ার ক্লাবগুলি ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে। প্রতিবছরের মতো এ বছরও রাস্তায় গাড়ি, বাইক দাঁড় করিয়ে তোলা হচ্ছে চাঁদা। এমনকি ক্লাবগুলোর তরফ থেকে সাধারণ মানুষের কাছ থেকে জুলুম খাটিয়ে চাঁদা তোলা হচ্ছে বলেও অভিযোগ। সেই বাড়বাড়ন্ত রুখতে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর।

জোর করে চাঁদা তুললেই জানান অভিযোগ

কলকাতা বা তৎসংলগ্ন এলাকায় যদি জুলুমবাজি করে চাঁদা তোলার মতো ঘটনা ঘটে, তাহলে সরাসরি এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই টোল ফ্রি নম্বর। কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “জোর করে চাঁদা দাবি করলে নীরব থাকবেন না। জোরপূর্বক চাঁদা আদায়ের কোনও ঘটনা ঘটলে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, তারা উল্লেখিত নম্বরগুলিতে যোগাযোগ করে বিষয়টি অবিলম্বে জানান।”

কলকাতা পুলিশের তরফ থেকে একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, যেটি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮ এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, যেটি হল ৯৪৩২৬২৪৩৬৫। এই দুটি নম্বরের মাধ্যমেই জানানো যাবে অভিযোগ। টেক্সট মেসেজ করেই সাধারণ নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। এমনিতেই এবারের দুর্গাপুজো নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার আকাশে একসঙ্গে ৩০০০ ড্রোন দেখা যাবে বলেও খবর। আর সেই ড্রোন দিয়ে আলোর বিন্দুতে দেবী দুর্গার মূর্তি ফুটিয়ে তোলা হবে। এমনকি মহালয়া থেকে অষ্টমী, দুর্গাপুজোর দিনগুলিতে মেগা শো চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই রাজ্য পুলিশে সাড়ে ১১ হাজার কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে অবৈধভাবে চাঁদা আদায় নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল লালবাজার। যদিও তোলাবাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই চারটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, সেখানে সাধারণ মানুষ খুব সহজেই অভিযোগ জানাতে পারেন। তবে চাঁদা আদায় সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর ঘটনার গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা পুলিশকে জোর দেওয়া হয়েছে বলেও খবর।