পুজোর আগেই রাজ্য পুলিশে সাড়ে ১১ হাজার কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

police constable

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর (Durga Puja) মুখে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (West Bengal Police) নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১১,৭৪৯টি কনস্টেবল শূন্যপদ ছিল। তার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৮,২১২টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৩,৫৩৭টি পদ রাখা হয়েছিল। এইদিন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের নাম জানানো হয়েছে।

প্রায় ৩০ শতাংশ পদে মহিলাকর্মী নিয়োগ

প্রকাশিত তথ্য অনুযায়ী, মহিলা প্রার্থীদের জন্য থাকা ৩,৫৩৭টি পদের মধ্যে ৩,৩৮১ জন মহিলা প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে। অর্থাৎ মোট শূন্যপদের ৩০ শতাংশ অংশেই মহিলা কনস্টেবল নিয়োগ হচ্ছে। মেধাতালিকায় প্রার্থীর নাম, আবেদন নম্বর, লিঙ্গ, বিভাগ, লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, ইন্টারভিউয়ের নম্বর এবং মোট নম্বর-সহ একাধিক তথ্য দেওয়া হয়েছে।

এখন নজর রয়েছে নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং কাজে যোগদানের দিকে। পুজোর আগেই মেধাতালিকায় জায়গা করে নেওয়া কনস্টেবলদের কাজে নামানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ মেধাতালিকা প্রকাশের পর দ্রুত নিয়োগ সংক্রান্ত বাকি প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তবে ঠিক কবে থেকে যোগদান বা প্রশিক্ষণ শুরু হবে, সেই নিয়ে নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

এর মধ্যেই রাজ্যে আরও বড় নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সরকারি দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রিপোর্টে মোট নিয়োগের সংখ্যা প্রায় ১ লক্ষ থেকে ১.৫১ লক্ষ পর্যন্ত বলা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার, অর্থাৎ দুই পুলিশ বাহিনী মিলিয়ে মোট ১৬ হাজার পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ভারতের RAW এজেন্টকে আটক করল বাংলাদেশ? আদালতে তুলতেই মুখোশ খুলল ঢাকার!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই চলতি অর্থবর্ষের মধ্যে ব্যাপক হারে নিয়োগের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন। এবার মন্ত্রিসভার বৈঠকেও বিভিন্ন দফতরকে নিয়োগপ্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। মার্চ ২০২৭-এর মধ্যে নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিটি দফতরকে আলাদা করে নিয়োগ-সংক্রান্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এই নিয়োগের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত বৈঠক করতে পারেন বলেও জানা যাচ্ছে।