অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে কেরল লবির যোগ! প্রমাণ জমা দেওয়ার জন্য দিল্লি যাবেন ঋতব্রত

Published:

Ritabrata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে এইমুহুর্তে ‘কালীঘাট’ ও ‘আসল’ তৃণমূল শিবিরের মধ্যে শুরু হয়েছে ব্যাপক দড়ি টানাটানি। আর এই দড়ি টানাটানির মাঝে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেবাশ্রয়কে ঘিরে আর্থিক অনিয়ম সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর নথি নাকি বিরোধী দলনেতা ঋতব্রতর হাতে এসেছে। এবার সেই নথি নিয়েই নাকি চলতি সপ্তাহে দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বিরোধী দলনেতা।

অভিষেকের সঙ্গে ‘কেরল লবি’-র যোগ

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। তাঁর দাবি, এই প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছে এবং সেই অর্থের একটি অংশ অন্যত্র ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয় ঋতব্রত আরও অভিযোগ করেছিলেন যে, এই অর্থের সঙ্গে ‘কেরল লবি’-র যোগ রয়েছে। কেরলে প্রার্থী দেওয়া থেকে শুরু করে একটি বিচ রিসর্টে বিশেষ বৈঠক হয় এবং তারপরই কালো টাকার নিরাপদ স্থান হিসেবে পরিচিত ইউরোপের কুখ্যাত কেম্যান আইল্যান্ডে তা পাঠানো হয়। দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথিও নাকি তাঁর হাতে ইতিমধ্যেই এসে গিয়েছে।

দিল্লিতে গিয়ে তথ্য জমা দেবেন ঋতব্রত

ঘনিষ্ঠ মহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই নথির একটি অংশ নাকি চলতি সপ্তাহে প্রকাশ্যে নিয়ে আসতে চলেছেন। আরও সেই নথি আগামী বৃহস্পতিবার, দিল্লিতে গিয়ে নির্দিষ্ট তদন্তকারী বা সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার পরিকল্পনা করছেন। যদিও এখনও চূড়ান্তভাবে সেই নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে ঋতব্রত শিবিরের আরেক নেতা তথা প্রাক্তন আইপিএস কর্মকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের অর্থ লেনদেন নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন এবং তদন্তের দাবি জানিয়েছিলেন। তবে সেই অভিযোগগুলিও এখনও প্রমাণিত হয়নি।

আরও পড়ুন: রাজ্য PSC-র নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত IAS অনিল ভার্মা

প্রসঙ্গত, নির্বাচনের আগে সাধারণ জনগণের জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের চিকিৎসার সুবিধার জন্য ‘সেবাশ্রয়’ শিবির শুরু করেছিলেন। কিন্তু ভোটের পরবর্তী সময় জানা যায়, এই সেবাশ্রয়ের নামে আসলে বিপুল আর্থিক নয়ছয় হয়েছে। ঠিকমতো চিকিৎসা হয়নি অনেকেরই। জাল ওষুধ, জুনিয়র চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো, একাধিক অভিযোগ উঠে এসেছে। এমনকি বাদ যায়নি অঙ্গহানির বিষয়টিও। এমতাবস্থায় এই সেবাশ্রয় নিয়ে আসল তৃণমূলের এই বিস্ফোরক অভিযোগ উঠে আসায় ফের চর্চা শুরু হল।