বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোজভ্যালি প্রতারণা কাণ্ডে এবার আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Rose Valley Scam)। হাইকোর্টে গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে বৈধ আমানতকারীদের 127.69 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই বিশেষ কমিটির মাধ্যমে কমবেশি 1 লাখ 75 হাজার 350 জন গ্রাহককে তাঁদের অর্থ ফিরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করেই ফেরানো হচ্ছে টাকা
কয়েকটি সূত্র মারফত খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপকুমার শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটি হাইকোর্টের নির্দেশে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার কাজ করছে। জানা যায়, বিশেষ নির্দেশের পর রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করার পরই হাতে আসা অর্থ দিয়েই বৈধ আমানতকারীদের টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে।
বলাই বাহুল্য, আমানতকারীদের অর্থ বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি গোষ্ঠী। পরবর্তীতে তদন্তে 332.76 কোটি টাকার FD বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সংস্থা। এছাড়াও রোজভ্যালির অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে 1 লাখ 73 হাজার 350 জন আমানতকারীকে টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আমানতকারীদের জন্য 515 কোটি টাকা বা তারও বেশি অর্থ বরাদ্দ ঘোষণা করেছিল।
অবশ্যই পড়ুন: ডাক্তারি ছেড়ে দুঁদে পুলিশ কর্তা, ‘সিংহম’ নামে খ্যাত কে এই IPS অজয় পাল শর্মা?
উল্লেখ্য, রোজভ্যালি গোষ্ঠীর আর্থিক প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাত ধরে একে একে নিজের অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ ফেরত পাচ্ছেন আমানতকারী। বলে রাখা ভাল, এর আগে আরও 450 কোটি টাকা বিনিয়োগকারীদের ফিরিয়ে দেওয়ার অনুমতি দিয়েছিল ADC।










