অভিষেকের বাড়িতে লাস্ট লোকেশন, বড় জালিয়াতের খোঁজে চলে তল্লাশি, কে এই সুমিত?

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক বিতর্ক খবরের শিরোনামে উঠে আসছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে। এমতাবস্থায় শুক্রবার ভোররাতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে তল্লাশি অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পুলিশ (Salboni Police Station)। রীতিমত তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ। আর এরপরেই তল্লাশি অভিযানের পর অভিষেক সাংবাদিকদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু কীসের জন্য এসেছিল পুলিশ এবার মিলল তার জবাব।

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়

জানা গিয়েছে, অভিষেকের বাড়িতে যখন শালবনি থানার পুলিশ আসে, তখন বাড়িতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে তালা ভাঙে। এরপরে শালবনি থানার সাতজনের টিম বাড়ির ভিতরে ঢোকেন। তল্লাশি থেকে শুরু করে জিজ্ঞাসাবাদও করা হয়। ভোররাতে, এই অভিযান চলাকালীন কালীঘাটের পটুয়াপাড়া এলাকায় বাড়িটি কড়া নিরাপত্তার বলয়ে মোড়া ছিল। সূত্রের খবর, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল অভিষেকের কালীঘাটের বাড়িতেই। রাত আড়াইটে পর্যন্ত সুমিতের লোকেশন এখানে পাওয়া যায়। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হয় শালবনি পুলিশ।

একাধিক আর্থিক তছরুপের অভিযোগ

তল্লাশির পর পুলিশ কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে চলে যান। তবে তল্লাশির সময় কোনও নথিপত্র বা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্রের খবর, আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে সুমিতের। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। তাই সেই মামলায় শালবনি থানা পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে।

আরও পড়ুন: রেডি থাকুন! এবার বাড়বে বিদ্যুতের বিল, মিলল সারচার্জ বৃদ্ধির অনুমতি

তল্লাশি প্রসঙ্গে শালবনী থানার পুলিশ বাড়ি থেকে বেরিয়ে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সুমিতকে লুকিয়ে রেখেছি কি না, তার জন্য আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর এবার তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসা করুন।” এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারি সুমিত রায়কে এর আগে কয়লা পাচার মামলায় নিজাম প্যালেসে ডেকে বয়ান রেকর্ড করেছিল সিবিআই। এখন দেখার এই ঘটনার জল কতদূর এগোয়।