‘সারথি’ প্রকল্পে এক লক্ষ সাইকেল বিলি করবে রাজ্য সরকার, কবে থেকে?

Published:

SARATHI Scheme

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার সাইকেল পেতে চলেছে বাংলার বহু পড়ুয়া। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে উপকৃত হবে অনেকে বলে আশা করা হচ্ছে। তবে সবুজ সাথী নয়, ‘সারথি’ প্রকল্পের (SARATHI Scheme) আওতায় পড়ুয়ারা সাইকেল পাবে বলে খবর। কবে থেকে পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ প্রক্রিয়া শুরু করবে সরকার? চলুন জেনে নেওয়া যাক।

ফের পড়ুয়াদের সাইকেল দেবে পশ্চিমবঙ্গ সরকার

জানা গিয়েছে, পূর্বতন সরকারের ‘সবুজসাথী’ প্রকল্পের পড়ে থাকা সাইকেলগুলি আগে বিলি করা হবে। ভোটের আগে দ্বাদশ দফার সাইকেল বণ্টন শুরু হলেও ভোট ঘোষণা হওয়ায় তা থেমে যায়। নতুন সরকার সেই বাকি সাইকেলগুলি দ্রুত বণ্টনের নির্দেশ দিয়েছে। ‘সবুজসাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে। আগামী সপ্তাহে এক লক্ষ সাইকেল বিলির মাধ্যমে নতুন করে এই প্রকল্পের সূচনা হতে পারে। এরপর জেলায় যখন যেমন সাইকেল পৌঁছবে, সেই অনুযায়ী পড়ুয়াদের মধ্যে তা বিতরণ করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই জেলাগুলির সঙ্গে বৈঠক করেছে রাজ্য।

প্রশাসনের নির্দেশে কাজ শুরু

এদিকে প্রশাসনের নির্দেশে কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। জেলায় জেলায় নতুন সাইকেলের যন্ত্রাংশ পৌঁছে গিয়েছে। চলছে ‘ফিটিং’-এর কাজ। নতুন সাইকেলের নকশাও আগেই চূড়ান্ত করেছে সরকার। এতদিনের নীল রঙের বদলে এবার সাইকেলে থাকবে গেরুয়া ছোঁয়া। অন্যদিকে, পুরনো সাইকেলগুলিতে থাকা ‘সবুজসাথী’ লোগোর উপর ‘সারথি’র স্টিকার লাগিয়ে বিলি করা হচ্ছে।

আরও পড়ুনঃ পুজোর মুখে লটারি লাগল চা শ্রমিকদের, ২০% বোনাস দেওয়ার ঘোষণা সরকারের

জেলাগুলিকে এই সপ্তাহের মধ্যেই পুরনো সাইকেল বণ্টনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাইহোক, সরকারের এহেন সিদ্ধান্তে ব্যাপকভাবে উপকৃত হবে পড়ুয়ারা। এই প্রক্রিয়া বিশেষ করে সেইসকল পড়ুয়াদের অনেকটাই কাজে লাগবে যার পরিবার আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে। যাইহোক, এখন এটাই দেখার সরকার সময় মতো কাজ শুরু করতে পারে কিনা।