জুলাই থেকে সরকারি অফিস, বাড়িতে বসবে স্মার্ট মিটার, ঘোষণা রাজ্যের

Published:

Smart Meter

সহেলি মিত্র, কলকাতাঃ জুলাই মাস থেকে বিদ্যুৎ (Electricity) ব্যবস্থায় আসতে চলেছে বড় বদল। এই নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকেই সব সরকারি অফিস থেকে শুরু করে বাড়িতে বাড়িতে বসানো হবে স্মার্ট মিটার (Smart Meter)। ইতিমধ্যে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, আবার বেশি টাকা কাটার ছক। সত্যিই কি তাই?

জুলাই থেকে সরকারি অফিস, বাড়িতে বসবে স্মার্ট মিটার

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বাংলার বর্তমান বিজেপি সরকার ‘পিএম সুর্য ঘর যোজনা’-র অধীনে আগামী দুই বছরে ২.৭ লক্ষ গৃহস্থ গ্রাহকের জন্য রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়াও, কেন্দ্র আগামী ৩-৪ বছরে বাংলায় দুই কোটি স্মার্ট মিটার স্থাপন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল বলেন, ‘আমরা রাজ্য সরকারকে এই বছরের জুলাই মাস থেকে সরকারি অফিস, আবাসন, কমপ্লেক্স, গ্রাহকদের দুই কোটি স্মার্ট মিটার স্থাপন করতে বলেছি।’

আরও পড়ুনঃ পেট্রোলে ১.৫, ডিজেলে ১৩.৫০ টাকা শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের

বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল জানান, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (WBSEDCL) ইতিমধ্যে সরকারি অফিস, বড় শিল্প ও বাণিজ্যিক গ্রাহক এবং আবাসিক গ্রাহকদের প্রায় ৭ লক্ষ স্মার্ট মিটার স্থাপন করেছে। কেন্দ্র প্রতিটি স্মার্ট মিটারের জন্য ৯০০ টাকা অনুদান দেবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের আওতায় কাজ করা উচিত, যা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এবং পাহাড়ি এলাকার মানুষদের উপকৃত করতে পারে। রাজ্য থেকে একটি দল দিল্লি যাবে। আমরা আলোচনা করে একসঙ্গে কাজ করব।’

রাজ্যে চালু ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প

রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য জুড়ে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে বাড়ির গ্রাহকদের ছাদে সৌরবিদ্যুৎ রুফটপ সোলার ব্যবস্থা স্থাপনের জন্য আর্থিক ভর্তুকি দেওয়া হয়। এটি এমন কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে একটি, যা রাজ্যের পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার বাস্তবায়ন করেনি। এক সরকারি কর্তা এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘আগামী দুই বছরে সারা বাংলায় ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের আওতায় ২.৭ লক্ষ আবাসিক গ্রাহকের জন্য রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে কেন্দ্র আমাদের বলেছে।’