প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেরি নয়, এবার আগস্ট মাস থেকে রাজ্যে শুরু হতে চলেছে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা (Smart Ration System)। অর্থাৎ পুরোনো পদ্ধতিতে নয় এবার রেশন ব্যবস্থা (Ration) সম্পূর্ণ ‘পেপারলেস’ পদ্ধতিতে চলবে। পূর্ববর্তী সরকারের আমলে রেশনিং ব্যবস্থায় দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল, এমনকি এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাই এই দুর্নীতি যাতে পুনরায় না হয় সেইজন্য বিজেপি সরকার চালু করতে চলেছে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা।
চালু হবে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা
বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাজ্যে স্মার্ট রেষণ ব্যবস্থা চালু হবে। আর সেই অনুযায়ী, একাধিক আলোচনা চলছিল খাদ্য দফতরে, অবশেষে সেই ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানানো হয়েছে, আগামী মাস অর্থাৎ আগস্ট থেকেই ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা শুরু হবে রাজ্যে। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্যসামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সবকিছুই অনলাইনে হবে। আর এর সমস্ত তথ্য সংগৃহীত থাকবে কেন্দ্রের কাছে। প্রশাসনিক আধিকারিকদের মতে, এই ব্যবস্থা চালু হলে গ্রাহকদের নানা সুবিধা হবে। প্রথমে রেশন দোকানে চোখের মণির স্ক্যান করে আধার যাচাই করা হবে। কিন্তু যাঁদের এই প্রক্রিয়া কাজ করবে না, তাঁদের আঙুলের ছাপ নিয়ে আধার যাচাই হবে।
ব্লক কার্ডগুলি চালু করেছে খাদ্যদপ্তর
খাদ্যদপ্তর আশা করছে নতুন ব্যবস্থায় একদিকে যেমন রেশনে স্বচ্ছতা আরও বাড়বে ঠিক তেমনই আবার দুর্নীতিমুক্তি হবে। সম্প্রতি আর্থিক সংগতি বেশি হওয়ার জন্যও অনেক রেশন কার্ড ব্লক করা হয়েছিল, যার ফলে সমস্যায় পড়েছিল একাধিক। এবার সেই কার্ডগুলি ফের চালু করেছে খাদ্যদপ্তর। তবে কেন্দ্রীয় সরকারের নজরে বহু কার্ড চিহ্নিত করা হয়েছে, এবং খুব শীঘ্রই সেগুলি তদন্ত করা হবে তবে এইমুহুর্তে SIR এ বাদ পড়া ভোটারদের রেশন কার্ড বাতিলের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সবুজ সাথী হল ‘সারথি’, বদলে গেল কন্যাশ্রীরও নাম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ বার্তা দিলেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর স্পষ্ট কথা, সুবিধাভোগীদের সরবরাহ করা খাদ্যশস্যের মানের ব্যাপারে কোনও আপোস করা হবে না। যদি ডিলাররা নিম্নমানের খাদ্যশস্য পান, তবে তা পরিবেশকের কাছে পুনরায় ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখন থেকে অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা প্রতি পরিবারের সদস্যকে মাথাপিছু ৭ কেজি চাল দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।










