দেশকে জিতিয়েছেন পদক, ক্যানসার আক্রান্ত হয়ে জনতার দরবারে চাকরিহারা প্যারা অ্যাথলিট

Published:

Somnath Malo

আনিষা চৌধুরী, কলকাতা: একসময় দেশের হয়ে সোনা জিতেছিলেন সোনা (Goldmedalist)। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কাছ থেকে পেয়েছিলেন সম্মান। আজ সেই বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদের জীবনে ঘনীভূত হচ্ছে একের পর এক অনিশ্চয়তা। নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সোমনাথ মালো বর্তমানে ক্যানসারের তৃতীয় ধাপে চিকিৎসাধীন। তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির (SSC) প্যানেল বাতিল হওয়ায় গ্রুপ-ডি চাকরি নিয়েও তাঁর কপালে দুশ্চিন্তার ভাঁজ। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য সোমনাথের কাছে চাকরিটাই ছিল চিকিৎসার খরচ চালানোর একমাত্র ভরসা। চাকরি না থাকাটা তাঁর কাছে যেন এক ভয়ানক দুঃস্বপ্ন।

ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মাধ্যমে শিক্ষা দফতরের গ্রুপ-ডি পদে কাজে যোগ দিয়েছিলেন সোমনাথ। বর্তমানে তাঁর নিয়মিত চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসার খরচ জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত ২০২৭ সালের মে মাস পর্যন্ত তাঁর চাকরি বহাল থাকার সুযোগ রয়েছে। কিন্তু এরপর কী হবে, তা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত তিনি। চাকরি চলে গেলে চিকিৎসা এবং সংসারের খরচ কী ভাবে সামলাবেন? সেই প্রশ্নই প্রতিনিয়ত ভাবাচ্ছে তাঁকে।

২০০২ সালের প্যারা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সোমনাথ। তাঁর দাবি, দেশের হয়ে সাফল্য পাওয়ার পরও তৎকালীন কোনও সরকারই তাঁকে প্রত্যাশিত মর্যাদা বা উপযুক্ত সুযোগ দেয়নি। তাঁর অভিযোগ, বাম আমল থেকে শুরু করে তৃণমূল সরকার, দু’দলের সময়েই তিনি সরকারি চাকরির আশ্বাস পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ নেয়নি। তাঁর সঙ্গে প্রতিযোগিতায় থাকা অনেক খেলোয়াড় অন্য রাজ্যে সরকারি চাকরি এবং বিভিন্ন সুবিধা পেলেও তাঁর ভাগ্যে জোটেনি সেই সুযোগ।

আরও পড়ুন: চট্টগ্রামে মহড়ায় চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান

‘জনতার দরবারে’ আবেদন সোমনাথের

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ গিয়ে নিজের পরিস্থিতির কথা জানান তিনি। ক্যানসারে আক্রান্ত আরও এক চাকরিপ্রার্থী সোমা দাসের চাকরি আদালতের মানবিক সিদ্ধান্তে এখনও বহাল রয়েছে। এই প্রসঙ্গ তুলে নিজের ক্ষেত্রেও একই ধরনের বিবেচনার আবেদন করেন সোমনাথ। তাঁর কথা শোনার পর মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি আদালতের বিচারাধীন। তাই বর্তমানে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে আইনের সম্মতি গুরুত্বপূর্ণ। তবে সোমনাথের ক্যানসারের বিষয়টি বিবেচনা করে তাঁর ফাইল আলাদা ভাবে রাখার আশ্বাস দেওয়া হয়েছে। আইনের সীমার মধ্যে থেকে তাঁর চাকরির সংক্রান্ত বিষয়টিতে কীভাবে সাহায্য করা যায়, তা খতিয়ে দেখার কথাও জানানো হয়েছে।