SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় হাইকোর্টের

Published:

ssc high court

আনিষা চৌধুরী, কলকাতা: SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির আবহেই হাইকোর্টের (Calcutta High court) নতুন নির্দেশ। সোশাল মিডিয়ায় হাইকোর্টের লাইভ স্ট্রিমিং নিয়ে গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের শুনানি চলাকালীন হাইকোর্টের সোশাল মিডিয়া পেজে করা বিভিন্ন মন্তব্য ঘিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আদালতের বিচারপতি এবং মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়টি সামনে আসার পরেই কমেন্ট সেকশন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাইভ স্ট্রিমিংয়ে কমেন্টে এবার নজরদারি

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের তরফে সোশাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের সময় কমেন্ট সেকশন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। আদালতের লাইভ সম্প্রচারে দর্শকদের মন্তব্য করার সুযোগ থাকে, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে যাতে অশালীন বা অসম্মানজনক ভাষা ব্যবহার না করা হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই এবার থেকে লাইভ স্ট্রিমিংয়ের পেজে ঢোকার আগে দর্শকদের সামনে একটি বার্তা দেখা যাবে। সেখানে স্পষ্টভাবে বলা থাকবে, ‘Be Civil and Respectful’ অর্থাৎ ভদ্র ও শ্রদ্ধাশীলভাবে মন্তব্য করতে হবে।

আদালতের শুনানি সরাসরি দেখার সুযোগ থাকায় সাধারণ মানুষও বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। কিন্তু সেই সময় কমেন্ট বক্সে বিচারপতি, আইনজীবী বা মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে নানা ধরনের কুরুচিকর এবং অশালীন মন্তব্য সামনে আসে। তাই এবার থেকে কমেন্ট করার আগে এই নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ লাইভ শুনানি দেখার পাশাপাশি মতামত জানানোর ক্ষেত্রেও যথেষ্ট শালীনতা বজায় রাখতে হবে, এমনটাই জানিয়েছে আদালত।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক দিলেই মেয়েরা পাবে ৫০ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টেও লাইভ সম্প্রচার নিয়ে আলাদা নির্দেশ

এর আগে সুপ্রিম কোর্টেও এই একই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। সেখানেও লাইভ স্ট্রিমিং সংক্রান্ত ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে নতুন মামলা মেনশন করার সময় সোশ্যাল মিডিয়ার লাইভ স্ট্রিমিং-এর অডিয়ো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে লাইভ ভিডিয়ো চললেও সেই অংশের শব্দ সাধারণ দর্শক বা সংবাদমাধ্যম শুনতে পারবেন না। যে বিষয়গুলি সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমকে জানানোর মতো নয়, একমাত্র সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই এই প্রক্রিয়াটি অবলম্বন করা হয়।