অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষত বাস পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে। এবার কলকাতা শহরে রাতের দিকে বাস বাড়ানোর (Kolkata Night Bus Service) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমন বহু যাত্রী আছেন যাঁরা রাতের দিকে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দরে যাতায়াত করেন। সেইসব যাত্রীদের সুবিধার কথা ভেবেই বাস সংখ্যা বাড়ানো হচ্ছে। সবকিছু আশানুরূপভাবে হলে, শনিবার (১ অগস্ট) থেকেই রাতের কলকাতায় বাস পেতে আর কোনো অসুবিধা হবে না যাত্রীদের। এবিষয়ে উদ্যোগী হওয়ার জন্য বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে পরিবহণ দপ্তর অনুরোধ জানিয়েছে। পূর্বতন সরকারের আমলেও নাইট বাস সার্ভিস চালু হয়েছিল, যা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। আগের পরিস্থিতি যাতে ফিরে না আসে, তাই যেসমস্ত রুটে রাতের দিকে যাত্রী সংখ্যা বেশি সেখানেই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
কলকাতার একাধিক রুটে রাতে বাস সংখ্যা বাড়ছে
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এমন বহু রোগী রয়েছেন যারা রাতের শেষ ট্রেন ধরে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নামেন, যাতে পরের দিন ভোরেই হাসপাতালের আউটডোরে টিকিট নেওয়ার লম্বা লাইন এড়াতে পারেন। কিন্তু স্টেশনে এসে পৌঁছলেও, অত রাতে স্টেশন থেকে হাসপাতালগামী কোনও বাস না পেয়ে চরম সমস্যায় পড়তে হয় তাদের। এদিকে, রাত ন’টার পর বিমানবন্দর থেকেও কোনো বাস পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অ্যাপ ক্যাব বা ট্যাক্সি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় যাত্রীদের।
আরও পড়ুন: আগস্টেই নদিয়া-দিঘার আরেকটি নতুন বাস পরিষেবা শুরু, জানুন রুট ও সময়সূচি
যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই রাতের মেট্রোর শেষ পরিষেবার সময় বাড়ানো হয়েছে। কিন্তু মেট্রো স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত বাসই নেই, ফলে পুরোপুরি এই ব্যবস্থা থেকে সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। তাই সমস্যা দূর করতে এবার রাতের মেট্রো, ট্রেন ও বিমান সময় সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতা শহরের রাতের দিকে বাসের সংখ্যা বাড়াচ্ছে সরকার।
পরিবহন দফতর সূত্রে জানা গেছে, একাধিক রুটের বাসের শেষ ট্রিপের সময় পিছিয়ে রাত ১০:০০ টা ও ১০:৩০ করা হচ্ছে। হাওড়া স্টেশন–পাটুলি, হাওড়া স্টেশন–গড়িয়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন–বালিগঞ্জ স্টেশন, নীলগঞ্জ ডিপো–হাওড়া স্টেশন, গড়িয়া বাস স্ট্যান্ড–হাওড়া স্টেশন, উল্টোডাঙা–ইকোস্পেস (নিউ টাউন), ডানলপ–বালিগঞ্জ স্টেশন এবং কলকাতা বিমানবন্দর–গড়িয়া বাস স্ট্যান্ড – এই রুটগুলিতে প্রাথমিকভাবে রাতের বাস বাড়ানো হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে যে, ধাপে ধাপে রাজাবাজার, উল্টোডাঙা, ডানলপ এবং বারাসতের দিকের বাসের রাতের ট্রিপের সময় বাড়ানো হবে।
আরও পড়ুন: আগস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের
উল্লেখ্য, বিমানবন্দর, ইকো স্পেস, গড়িয়া, বালিগঞ্জ, ব্যারাকপুর, মৌড়িগ্রাম এবং কামালগাজির দিকে অতিরিক্ত বাস থাকবে রাতে। কেননা এসএসকেএম (SSKM), এনআরএস (NRS), ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর (RG Kar), চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো প্রধান সরকারি হাসপাতাল এবং ইএম বাইপাস (EM Bypass) লাগোয়া বেসরকারি হাসপাতালগুলির পাশ দিয়ে বেশি রাতে বাস চলাচল করলে বহু রোগীর সুবিধা হবে। এই কথা বিবেচনা করেই এই বাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।










