বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালের (Nepal) বন্যা এখন স্মৃতি। সেই আকস্মিক হড়পা বানে প্রাণ গিয়েছিল বহু মানুষের। গৃহবন্দী হয়ে পড়েছিলেন অনেকেই। ঠিক দুর্যোগের সেই সময় থেকেই নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিক। এক মাস কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি এখনও। এতদিন অপেক্ষা করলেও এবার আর যে সইছে না! কৈলাস, মানস সরোবর যাত্রায় গিয়ে কোথায় উধাও হয়ে গেলেন শর্মিষ্ঠা! চিন্তায় ভেঙে পড়েছে দুই পরিবার। মানসিক যন্ত্রণা নিয়ে অবশেষে নিজের স্ত্রীয়ের খোঁজ পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হতে চলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)।
প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন মুকুল পুত্র
স্ত্রী ফিরে না আসায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে গোটা বিষয়টি জানিয়েছিলেন শুভ্রাংশু। রাজ্য সরকারের তরফে নেপাল প্রশাসনের সাথে যোগাযোগ করে সব রকম সহযোগিতার আশ্বাস মিলেছিল। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও কোনও খোঁজ মিলছে শর্মিষ্ঠার। আদৌ সুস্থ আছেন তো! এমন চিন্তায় ঘুম উড়েছে শুভ্রাংশুর! তাই এবার স্ত্রীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখতে চলেছেন তিনি।
গোটা একটা মাস কেটে যাওয়ার পরেও ফেরেনি মা। দুই সন্তানকে নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু। তিনি জানিয়েছেন, একটা মাস কেটে যাওয়ার পরেও শর্মিষ্ঠার কোনও খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি এবার ঠিক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সবাইকে চিঠি লিখবেন। সরকারের কাছে আবারও আবেদন জানাবেন। তাঁর কথায়, “সরকারের কাছে অনুরোধ করব, আমার দুই সন্তানের মাকে ফিরিয়ে দিন।”
আরও পড়ুন: ডিএ শূন্য! ক্ষতি না লাভ হবে বাংলার কর্মীদের?
এর আগে শুভ্রাংশু জানিয়েছিলেন নেপালের বন্যা পরিস্থিতির সময় শেষবারের মতো স্ত্রীয়ের সাথে যখন কথা হয়েছিল জানতে পেরেছিলেন তিনি চিনের দিকে চলে গিয়েছেন। জানিয়েছিলেন, স্ত্রী নিরাপদেই ছিল। কিন্তু সেবার কথা বলার পর থেকে আর যোগাযোগ করা যায়নি শর্মিষ্ঠার সাথে। নেপালের বন্যায় তাঁর মৃত্যু হয়েছে এটা এখনই ধরে নিতে পারছে না রায় পরিবার। কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটলে শর্মিষ্ঠার সাথে যোগাযোগ করতে এক মাস সময় লেগে যেত না, সেটা বুঝেও কোথাও যেন এটা মেনে নিতে পারছেন না শুভ্রাংশু নিজেও। তাই প্রধানমন্ত্রীর দারস্থ হয়ে কার্যত শেষ চেষ্টা করতে চাইছেন মুকুল পুত্র।










