বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বতন সরকারের আমলে বকেয়া DA (Dearness Allowance) নিয়ে সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সরকারি কর্মীরা। রাজ্যে ক্ষমতায় আসতেই সেইসব কর্মীদের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন নতুন সরকার। বাজেটে 20 শতাংশ DA বৃদ্ধি ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল কবে মিলবে বর্ধিত DA? বুধবার, তা নিয়েই বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কবে মিলবে DA-র টাকা?
বুধবার, সাধারণ মানুষের স্বার্থে নবান্ন থেকে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন DA বৃদ্ধি নিয়ে মুখ খুলে ছিলেন শুভেন্দু অধিকারী। বলেন, “কেন্দ্রীয় সরকারের সাথে DA-র পার্থক্যটা ছিল 42 শতাংশ। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয়। আমরা 20 শতাংশ দিতে পেরেছি। যে পার্থক্যটা রয়ে গেছে, সেটাও আমরা পূরণ করব।” কবে মিলবে বর্ধিত DA-র টাকা? এদিন সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী জানালেন, অর্থ মন্ত্রককে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর মাসে ছুটি পড়ে যাওয়ার আগেই অক্টোবরের বেতনের সাথে DA-র টাকা দিয়ে দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ” অর্থ মন্ত্রককে বলে দিয়েছি পুজোর মাসে ছুটি পড়ে যাওয়ার আগে অক্টোবরের বেতনের সাথে যদি এটা যুক্ত করে দেওয়া যায়, তার সবরকম চেষ্টা করছি আমরা।”
অবশ্যই পড়ুন: ইসকন দায়িত্ব নিলেও মিড ডে মিলে দেওয়া হবে ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই বাংলার সরকারি কর্মীদের DA 20 শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক কিছুটা কমেছে। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, ইতিমধ্যেই বহু সরকারি কর্মী বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করেছেন। বাকি যেটা রয়েছে সেটাও শীঘ্রই দিয়ে দেবে সরকার। বুধবার নতুন করে মুখ্যমন্ত্রী যা জানালেন তা থেকে আন্দাজ করা যাচ্ছে, হয়তো পুজোর মাসেই উৎসবের সময় DA-র অর্থ পেয়ে যাবেন কর্মীরা।










