বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইসকন দায়িত্ব নেওয়ায় অভিযোগ ছিল, ডিমের পুষ্টি থেকে বঞ্চিত হবেন রাজ্যের স্কুল পড়ুয়ারা (Mid Day Meal)। এবার সেই অভিযোগ নিজের হাতে মুছে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানালেন, ইসকন দায়িত্ব নিলেও শুধু নিরামিষ খাবার নয় বরং মিড ডে মিলে ডিমও পাবেন পড়ুয়ারা। তবে ডিম পাওয়া যাবে আলাদাভাবে। অর্থাৎ ইসকনের নিরামিষ খাবারের পর আলাদা করে ডিম খেতে পারবেন খুদেরা।
মিড ডে মিলে ডিম দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
বুধবার, নবান্ন থেকে সরকারি স্কুল নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, “স্কুলগুলির মিড ডে মিল নিয়ে একটা বৈষম্য ছিল। সেটা আমরা দূর করে দিচ্ছি। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিল বরাদ্দ ছিল 10 টাকা এবং প্রাইমারিতে বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা। এবার আমরা প্রাইমারিতেও 10 টাকা বরাদ্দ ঘোষণা করছি।”
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, আগামী মাস অর্থাৎ পহেলা আগস্ট থেকেই এই বরাদ্দ পুরোপুরি কার্যকর হয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রী এও জানালেন, পহেলা আগস্ট থেকেই ইসকন গোটা রাজ্যে মিড ডে মিলের খাবার পরিবেশন করবে। শুদ্ধ খাবার পাবেন পড়ুয়ারা। এই খাবার হবে প্রোটিনযুক্ত। তবে আলাদা করে আমরা পড়ুয়াদের জন্য বাইরে ডিম দেওয়ার ব্যবস্থা করছি। প্রত্যেক পড়ুয়া যাতে পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার পায় সেজন্যেই এমন সিদ্ধান্ত।
অবশ্যই পড়ুন: বিপদ বাড়ল অভিষেকের! আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ
উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের তরফে মিড ডে মিলের দায়িত্বভার ইসকনের হাতে ছেড়ে দেওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন পড়ুয়াদের খাবারে কতটা পুষ্টি থাকবে তা নিয়ে। রাজনৈতিক মহলেও এ নিয়ে কম জল ঘোলা হয়নি। কালীঘাট তৃণমূলের তরফেও রাজ্যের নতুন সরকারকে নানান ভাবে কটাক্ষ করা হয়। বলা হয়, ডিম না দিয়ে পড়ুয়াদের পর্যাপ্ত পুষ্টি থেকে নাকি বঞ্চিত করছে শুভেন্দু অধিকারী সরকার।










