স্বাস্থ্যসাথীতে ১০০ কোটি টাকার দুর্নীতি? অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভয়ংকর অভিযোগ

Published:

Sebaashray Camp

প্রীতি পোদ্দার, কলকাতা: সেবাশ্রয় ক্যাম্প (Sebaashray Camp) নিয়ে ফের গুরুতর এবং ভয়ংকর অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে নাকি রীতিমত মানুষের স্বাস্থ্য নিয়ে চলত ছিনিমিনি খেলা। দুর্নীতি, নিম্নমানের ওষুধ ব্যবহারের পাশাপাশি এবার স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের অর্থ অপব্যবহারের অভিযোগও প্রকাশ্যে এল। শুধু তাই নয়, সিনিয়র চিকিৎসকদের বদলে নাকি রেজিস্ট্রেশন না পাওয়া জুনিয়র ডাক্তারদের দিয়ে চেক আপ করা হত। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সেবাশ্রয়ে থাকা কয়েকজন সিনিয়র চিকিৎসক।

অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ

অভিযোগকারী চিকিৎসকদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের প্রথম ধাপে ১২ এবং দ্বিতীয় ধাপে ৪ লাখ মানুষ এসেছিলেন। এবং সব মিলিয়ে প্রায় ১৬ লাখ মানুষ পরিষেবা পেয়েছিলেন। কিন্তু এই বিপুল সংখ্যক রোগীকে যে সব ডাক্তার দেখেছিলেন তাঁদের মধ্যে মাত্র ৫ শতাংশ ছিলেন সিনিয়র ডাক্তার আর বাকিরা ছিলেন ডাক্তারি পড়ুয়া। যাদের কারও রেজিস্ট্রেশন ছিল না। শুধু তাই নয়, হোমিওপ্যাথিক ও আয়ুষ বিভাগের চিকিৎসকদের দিয়ে বেআইনিভাবে মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন লেখানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সাথী থেকেও নাকি চলত দেদার লুট।

স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকা লুট

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ওই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও রোগীদের MRI, সিটি স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষার পরামর্শ দেওয়া হত। রোগী রেফার করা হতো বজবজের তিনটি বেসরকারি হাসপাতালে। এরপর সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিপণন বিভাগের কর্মীরা রোগীদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত বিভিন্ন চিকিৎসার খাতে ১০ থেকে ১২ দিন রোগীদের ভর্তি রেখে মোটা অঙ্কের বিল তৈরি করা হত এবং সেই অর্থ স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে নেওয়া হতো। এইভাবে অন্তত ১০০ কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ একাধিকের।

উল্লেখ্য, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৭৫ দিনের জনকল্যাণমূলক স্বাস্থ্য কর্মসূচি ‘সেবাশ্রয়’-এর সূচনা হয়েছিল। পরে নন্দীগ্রাম-সহ রাজ্যের একাধিক জেলায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু এবার সেই উদ্যোগের নেপথ্যে উঠে আসছে একাধিক দুর্নীতি। কিছুদিন আগেই ক্যাম্পের কোটি কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী মাটির নিচ থেকে উদ্ধার হয়েছিল। বাদ যায়নি অক্সিজেন সিলিন্ডারও। যা নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল। এবার উঠল স্বাস্থ্যসাথীর দুর্নীতি।

আরও পড়ুন: অভিষেকের বাড়িতে পাথর হামলা, ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদের

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আমরা গোটা বিষয়টা খোঁজ নিয়ে দেখেছি। আমরা জানি যারা ওই ক্যাম্পে ছিল তারা বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার আগে ডাক্তার হিসাবে কোন ক্যাম্পে যাওয়া যায় না। এমনকি হোমিওপ্যাথিক এবং আয়ুশ এর চিকিৎসকরা যে মর্ডান মেডিসিনের প্রেসক্রিপশন করেছে এটাও নিয়ম বিরুদ্ধ। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। এদিকে এই বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির তরফে জানা যাচ্ছে এই সেবাশ্রয় নিয়ে নতুন করে FIR দায়ের করা হবে।