“টাটার সাথে আমি গিয়ে কথা বলব, ফেরাতে হবেই”, শিল্প নিয়ে বড় আশ্বাস তাপস রায়ের

Published:

Tapas Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: বাম জমানা বলুন বা তৃণমূল, বাংলার শিল্পের অবস্থা একেবারে তলানিতে। টাটা (Tata Group) থেকে শুরু করে একের পর এক কোম্পানি বাংলা থেকে নিজেদের লোটাপত্র গুঠিয়ে পালিয়েছে। তবে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসতেই আশার আলো দেখছে বঙ্গবাসী। এদিকে আজ রাজ্যের শিল্পের চাকা ঘোরাতে মসনদে বসেছেন তাপস রায় (Tapas Roy)। হ্যাঁ, বিজেপি সরকারের নতুন শিল্প ও বাণিজ্যমন্ত্রী মানিকতলার বিজেপি বিধায়ক। আর চেয়ারে বসেই সিঙ্গুরে টাটাকে ফেরাতে বিরাট ইঙ্গিত দিয়ে ফেললেন তাপসবাবু।

বাংলায় আবারও ফিরবে টাটা

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপস রায় বলেন, “শিল্পই এখন আমাদের ভবিষ্যৎ। যোগ্যতা অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম কাজকর্ম যাতে পায় সেটার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য হবে। সিঙ্গুরে টাটা যদি কারখানা তৈরি করতে চায় তাহলে তারা করতেই পারে। তবে শুধুমাত্র গাড়ির কারখানা নয়, টাটার তো আরও অনেক ধরনের ব্যবসা রয়েছে। আমরা সর্বত্রভাবে চেষ্টা করব যাতে সমস্ত ক্ষেত্রেই বিনিয়োগ করতে পারে তারা।

তাপস রায়ের আরও সংযোজন, “গত ১৫ বছরে তো রাজ্যের শিল্প হল না। চাকরিও হলো না। আর কৃষি তো দূরের কথা। উনি স্পেনে গিয়ে সামনে হাঁটলেন, পিছনে হাঁটলেন, সবকিছুই করলেন। কিন্তু বাংলায় কিছুই হলো না। আমরা শিল্পের জন্য সম্মেলন করব। কিন্তু সেটা কীভাবে হবে এবং কতখানি কাজের হবে তা পরে ঠিক করা হবে। বহু বছর ধরেই শিল্পের ক্ষেত্রে এই রাজ্য উপেক্ষিত ছিল। শুধুমাত্র লোক দেখানো কাজ হয়েছে। আর গুন্ডামি এবং তোলাবাজি তো নতুন করে বলার অপেক্ষা রাখে। যার কারণে শিল্পপতি এবং উদ্যোক্তরা সব গুটিয়ে চলে গিয়েছে।” এমনকি তৃণমূল জমানায় প্রায় ৬৬৮৮টি ছোট বড় মাঝারি শিল্পপতি রাজ্য থেকে সবকিছু গুটিয়ে চলে গিয়েছেন বলেও অভিযোগ রাজ্যে শিল্প মন্ত্রীর।

প্রসঙ্গতর, রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শিল্প নিয়ে বড় আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেন, “বিজেপির আমলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বিনিয়োগকারীরা নির্ভয়ে এখানে বিনিয়োগ করতে পারবে। শিল্পের জন্য ল্যান্ড ব্যানল, সেই জমির জিপিএস ট্র্যাকিং সবকিছুর দিকেই জোর দেওয়া হচ্ছে।” এমনকি নতুন শিল্পমন্ত্রী তাপস রায় যে সমস্ত শিল্পপতি বা বড় বড় শিল্পগোষ্ঠী রাজ্য ছেড়ে চলে গিয়েছে, তারা ঠিক কী কারণে চলে যেতে বাধ্য হল তার তালিকা তৈরি করবেন বলেও জানিয়েছেন।  আর সবথেকে বড় ব্যাপার, টাটা গোষ্ঠীর প্রসঙ্গ নিয়ে তিনি বলেন যে, “প্রয়োজনে আমি নিজে টাটা আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাব।”

আরও পড়ুন: আপাতত ভারতে না স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট, মাস্ককে বড় ঝটকা দিল সরকার

না বললেই নয়, আগামী ১৩ জুন রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমুল গোষ্ঠীর সাড়ে ৬০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা রয়েছে। সেই কারখানারই উদ্বোধন করবেন তিনি। এমনকি ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ একাধিকবার বাংলায় শিল্প ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সূত্রে সরকার গঠনের পরই একে একে বড় বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করছেন। তবে নতুন শিল্পমন্ত্রী এবার টাটাকে ফেরাতে যে একেবারে বদ্ধপরিকর তা বলার অপেক্ষা রাখে না।