১ বছরের মধ্যেই নতুন পদ, বাংলায় নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Fire Department CM (1)

আনিষা চৌধুরী, কলকাতা: তারাপীঠ ও নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের সময় আবাসিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দমকলকর্মীরা (Firefighters)। তাঁদের সেই কাজের উপযুক্ত স্বীকৃতি দিতে জীবনরক্ষা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রেড রোডের অনুষ্ঠানে দমকল বিভাগের হাতে ২২৬টি নতুন ফায়ার টেন্ডার তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই সাম্প্রতিক দুই অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে দমকলকর্মীদের প্রশংসা করেন তিনি।

ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু

মুখ্যমন্ত্রী জানান, তারাপীঠের হোটেল থেকে প্রায় ৩০ জন আবাসিককে উদ্ধার করেছিলেন দমকলকর্মীরা। অন্য দিকে, নিউ মার্কেট সংলগ্ন হোটেলের অগ্নিকাণ্ডে প্রায় ৮০ জনকে নিরাপদে বের করে আনা হয়। দুই ঘটনাতেই হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ইমার্জেন্সি এক্সিট নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়েই বহু মানুষের মৃত্যু হয়েছিল।

এই অনুষ্ঠানে দমকল বিভাগে কর্মী নিয়োগ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত ১৪০০টি শূন্যপদ পূরণের কথা জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে ১০০০টি ফায়ার অপারেটর, ৩২৫টি ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং ৭৫টি সাব অফিসার পদ রয়েছে। দমকল বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পুরনো সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: শিক্ষককে দাঁড় করিয়ে পড়ুয়াদের ‘বিকশিত ভারত’-র পাঠ নিলেন বিজেপি নেতা, চাঞ্চল্য ভাতারে

আরও আড়াই হাজার পদ তৈরির ঘোষণা

এখানেই শেষ নয়। আগামী এক বছরের মধ্যে দমকল বিভাগে আরও ২ হাজার ৫০০টি নতুন পদ তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তারাপীঠ ও নিউ মার্কেটের উদ্ধার অভিযানে যুক্ত দমকলকর্মীদের জীবনরক্ষা পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। দমকল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই নতুন সরঞ্জাম ও কর্মী নিয়োগের এই উদ্যোগ বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।