অলি পাবের জন্যই বিজেপির থেকে পেয়েছেন ২.৫০ লাখ? এবার মুখ খুললেন সায়ক

Published:

Oly Pub Sayak Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপির হয়ে প্রচারমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলার দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী এবং শমীক অধিকারি ওরফে ননসেন। শোনা যাচ্ছে সায়ক চক্রবর্তী অলি পাব কাণ্ডে (Oly Pub Sayak Chakraborty) বিজেপির কাছ থেকে পেয়েছিলেন নাকি আড়াই লাখ টাকা। নিন্দুকদের দাবি, ইচ্ছে করে ‘টাকা খেয়ে’ এই বিফ কাণ্ডটি ঘটিয়েছিলেন সায়ক। কারণ, তিনি সেভাবে কোনো রাজনৈতিক ভিডিও দেননি। কিন্তু এবার সেই ঘটনায় অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বিতর্কিত ক্রিয়েটার সায়ক (Sayak Chakraborty)।

অবশেষে মুখ খুললেন সায়ক

২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে সম্প্রতি নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য সামনে আসার পর ইনফ্লুয়েন্সারদের অর্থপ্রদানের বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সায়ক চক্রবর্তী। জানা গিয়েছে আজ শনিবার, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন সায়ক। যেখানে তিনি লেখেন, “অলি পাব রিঅ্যাকশন আমার ইনস্ট্যান্ট, সেটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখে আমি নিজে সব ডিলিট করেছিলাম। আমি সেটা নিয়ে আর কথাও বলিনি, অলি পাব ভুল স্বীকার করে স্টেটমেন্টও দিয়েছিল। এটার সাথে অন্য কিছুরই কোনও সম্পর্ক নেই। ওটা ঘটনা, রাজনীতি না।”

অলি পাব নিয়ে রাজনীতি নয় দাবি করলেন সায়ক

কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী জানান, “অলি পাব ঘটনা নিয়ে এখনও যারা উস্কাচ্ছে, তাদের অন্য কোনও উদ্দেশ্য আছে নিশ্চয়ই, সেটা সরকার দেখবে। আমি সৎপথে রোজগার করি। আফটার অলি পাব আমাকে কয়েকটা দল কন্টেন্ট বানানোর অ্যাপ্রোচ করেছিল, তার আগেও করেছিল। কিন্তু ওই ঘটনায় বিজেপি এবং সমমনভাবাপন্ন মানুষ আমাকে সাপোর্ট করেছিলেন। তাই হ্যাঁ, আমি তাদের হয়ে কিছু কনটেন্ট বানিয়েছি। কী সেটা? SIR নিয়ে কিছু টেকনিক্যাল এক্সপ্ল্যানেশন এবং যুদ্ধের সময় প্রধানমন্ত্রী চুপ থাকার কারণ এবং BJP campaign এর কাজ শেষ হয় নতুন CM কে congratulation জানিয়ে-মে মাসে। এদিকে অলি পাবের ঘটনা ঘটেছিল জানুয়ারিতে। আর আমার বিজেপির হয়ে এই সব কনটেন্ট মার্চ- মে, সেটাও কমিশনের ওয়েবসাইটে পাবেন।”

আরও পড়ুন: ‘তোমাদের সঙ্গে বেইমানি করব না’, ‘টাকা নিয়ে প্রচার’ মুখ খুললেন ‘বং গাই’ কিরণ দত্ত

সায়কের আরও সংযোজন, “যে কনটেন্ট আমার কাছে খারাপ মনে হয়নি, অন্য কেউ বললেও আমি করতে পারি বলে আমার মনে হয়। কারণ এটা তো আমার কেরিয়ারের একটা পার্ট। এর সাথে যারা অলি পাব জুড়ছেন, ভুল করছেন। আর অলি পাবের সাথে আমার টাকা পয়সার কোনও সম্পর্ক নেই, এটা যারা জেনেও ইচ্ছে করে উসকাচ্ছেন, অন্যায় করছেন। আমি অন্যায় করিনি, হেটার্সদের এসব বাজে কথায় আমার তাই আর কিছু যায় আসে না। আসবেও না। হেটার্সদের সাফাই দেওয়ার প্রয়োজন নেই আমার। যারা আমাকে ভালোবাসেন, অনেকে মেসেজ করেছিলেন এটা তাদের জন্য। কমেন্ট বক্স খোলা থাকে আমার, থাকবেও। দিনের শেষে ভালোবাসার জয় হয়, ঘেন্নার নয়।”

google button